বঙ্গ বিজেপির পারফরম্যান্সে অখুশি নন কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যে সন্ত্রাসের ইস্যুকে হাতিয়ার করেই আগামীতে লড়াই করার বার্তা রাজ্য নেতৃত্বকে

আমাদের ভারত, ৭ নভেম্বর: বিজেপির জাতীয় কর্মসমিতির দুদিনের বৈঠক থেকে ভবিষ্যতে বাংলার মাটিতে তাদের লড়াইকে আরও জোরদার করার বার্তাই দিলেন কেন্দ্রীয় নেতারা। বাংলার রাজনৈতিক অশান্তি, হিংসার মত বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে এই বৈঠকে। এই ইস্যুগুলোকেই হাতিয়ার করে আগামী দিনে লড়াইয়ের ময়দানে নামার কথা বলা হয়েছে বঙ্গ বিজেপিকে। রবিবার দুপুরে দিল্লির বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বাংলা নেতারা শুধুমাত্র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে এই বৈঠকে যোগদান করেছেন।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, নির্মালা সীতারামনদের উপস্থিতিতেই বাংলার নেতারা রাজ্যের রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে ধরেন। বিধানসভায় ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসায় ৫৫ জনেরও বেশি বিজেপির কর্মী খুন হয়েছেন। রাজ্যের প্রধান বিরোধীদল হওয়ার কারণে এই শাস্তি তাদের জুটেছে বলে অভিযোগে সরব হয়েছেন সুকান্ত মজুমদাররা। আর রাজ্য নেতৃত্বের এইবিষয়টিতে সম্পূর্ণ সায় দিয়ে বঙ্গে আগামী দিনের লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

জেপি নাড্ডার মতে একুশের বিধানসভা ভোটে বিজেপি বাংলায় যে ভোট পেয়েছে তা ইতিহাসে প্রথম। বাংলায় এক নতুন অধ্যায় শুরু করেছে বিজেপি। পদ্ম শিবিরের বিরুদ্ধে সবচেয়ে বেশি সন্ত্রাসের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। তাই হিংসার বিরুদ্ধে প্রতিবাদকে হাতিয়ার করেই বাংলার মাটিতে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে যেতে হবে বলে বার্তা দেন তিনি। নাড্ডা বলেন, মানুষের পাশে দাঁড়াতে হবে বিশেষত বিজেপির সাধারণ সমর্থকদের পাশে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে।

নির্মলা সীতারামন বলেন, রাজনৈতিক হিংসার শিকার প্রত্যেক বিজেপি সমর্থকের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সুবিচার পাওয়ার জন্য কাজ করতে হবে বিজেপির নেতা কর্মীদের।

এই দু’দিনের বৈঠকে বাংলায় দলের পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। অনেকেই মনে করেছিলেন, বঙ্গ বিজেপির পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। হয়তো রাজ্য সংগঠনকে নতুন করে সাজানোর চিন্তাভাবনা করা হবে।

সংগঠনের কিছু রদবদল ঘটানো হলেও হতে পারে, তবে সামগ্রিক ভাবে রাজ্যের পদ্ম শিবিরের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন নাড্ডা, অমিত শাহরা। বাংলা রাজনীতিতে অশান্তি, হিংসার মত বিষয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরা এবং এই ইস্যুগুলোকেই হাতিয়ার করে বাংলাতে বিজেপির মাটি আগামী দিনে আরও শক্ত করার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *