আমাদের ভারত, হাওড়া, ৭ নভেম্বর: ভাইফোঁটা উপলক্ষ্যে নবীন প্রবীণদের মেল বন্ধন ঘটল শতাব্দী প্রাচীন উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরিতে। রবিবার বিকেলে ইনস্টিটিউটের সভাগৃহে ভাইফোঁটা উপলক্ষ্যে হাজির হয়েছিলেন প্রবীণদের পাশাপাশি নবীন প্রজন্ম। আর প্রত্যেককে একসঙ্গে বসিয়ে তাদের মঙ্গল কামনায় কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিলেন দিদি ও বোনেরা। তবে শুধু চন্দনের ফোঁটাই নয় সঙ্গে ছিল মিষ্টিমুখ ও উপহার।

এদিন এই ভাইফোঁটা অনুষ্ঠানে ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার মুখ্য প্রশাসক অভয় দাস সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। ভাইফোঁটার আয়োজন সম্পর্কে উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ দাস জানান, বছরের এই বিশেষ দিনটাতে ইনস্টিটিউটের মহিলা সদস্যরা ভাই ও দাদাদের মঙ্গল কামনায় কপালে ফোঁটা দেন। আর এই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করে থাকে ইনস্টিটিউটের সকল সদস্যরা। আজও তার ব্যাতিক্রম হয়নি।

