নবীন প্রজন্মের সাহিত্যিকদের আশার আলো জ্বালিয়ে ‘আটচালা’ গল্প সংকলন প্রকাশ্যে পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৭ নভেম্বর: নবীন প্রজন্মের সাহিত্যিকদের আশার আলো জ্বালিয়ে ‘আটচালা’ নামে একটি গল্প সংকলন প্রকাশ্যে এল পুরুলিয়ায়। দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল ‘আটচালা’ গল্প সংকলন গ্রন্থ। করোনা পরিস্থিতিতে যখন সবাই সন্ত্রস্ত, সাহিত্য যখন কার্যত থমকে গিয়েছিল, বেঁচে থাকা বা সুস্থ থাকাটাই ছিল যখন প্রধান লক্ষ্য ঠিক সেই সময় সাহিত্যকে ভালোবেসে, সাহিত্যকে পুনরুজীবিত করতে এবং সাহিত্যিকদের মধ্যে আশার আলো নিয়ে এসে একালের অন্যতম জনপ্রিয় কবি-সাহিত্যিক ব্রতীন দেওঘরিয়া এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি ব্যাতিক্রমী রাস্তায় হেঁটে অন্তত পুরুলিয়ার বুকে এই প্রথম একটি গল্প সংকলন গ্রন্থ সম্পাদনার কথা ঘোষণা করেন। তাঁর এই উদ্যোগে সাহিত্য মহলে ব্যাপক সাড়া ফেলে। বহু গল্প আসে। সেখান থেকে নবীন-প্রবীন মিলিয়ে নির্বাচিত ৩৫ জন লেখকের মোট ৩৭ টি গল্প নিয়ে গড়ে ওঠে ‘আটচালা’ -এক গল্প সংকলন গ্রন্থ।

গ্রন্থটির প্রতীক্ষায় ছিলেন লেখক থেকে পাঠকেরা। অবশেষে আজ পুরুলিয়া জেলার হরিপদ সাহিত্য মন্দিরের ‘সৃজন ছায়া’ কক্ষে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হয়। গ্রন্থটির মোড়ক উন্মোচন করলেন একালের প্রখ্যাত সাহিত্যিক, পুরুলিয়ার প্রাণ সৈকত রক্ষিত। আটচালা সাহিত্য পরিবারের পক্ষ থেকে তাঁকে ‘সাহিত্য গৌরব সম্মানঃ ২০২১’ জানানো হয়। পাশাপাশি উপস্থিতি ছিলেন দুই গুণীজন দিলীপ বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস গুহ নিয়োগী। তাঁদেরও আটচালা সাহিত্য পরিবারের পক্ষ থেকে ‘বিশেষ সাহিত্য সম্মানঃ ২০২১’ জানানো হয়। আটচালা সাহিত্য পরিবারের পক্ষ পুরুলিয়ার নবীন থেকে প্রবীন মোট ১৭ জন সাহিত্যিককে ‘সাহিত্য -সংস্কৃতি সম্মাননা’ প্রদান করা হয়। প্রত্যেক লেখককে স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়।

সম্পাদক ব্রতীন দেওঘরিয়া জানান, ‘আমার এই ক্ষুদ্র প্রয়াসে সকলের এভাবে সাড়া দেওয়ায় আমি আনন্দিত। সকলে পাশে থাকলে আগামী দিনেই এরকম সংকলন করবো অতি অবশ্যই। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *