আমাদের ভারত, ২২ নভেম্বর: ত্রিপুরা বিজেপি সরকারকে তীর্যক ভাষায় নিশানা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা দিতে গিয়ে কলকাতায় বিজেপি রাজ্য সভাপতিও মমতা সরকারকে নিশানা করেছেন। সুকান্ত মজুমদার বলেছেন, পশ্চিমবঙ্গেই জঙ্গল রাজ চলছে। তিনি তৃণমূল শাসনের অধীন বাংলাকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করেছেন।
আগরতলায় তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেপ্তারের প্রতিবাদ করতে গিয়ে অভিষেক বলেছেন, ত্রিপুরায় জঙ্গলরাজ চালাচ্ছে বিপ্লব দেবের বিজেপি সরকার। অভিষেকের সেই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন,”জঙ্গলরাজ পৃথিবীতে কেবল দুটো জায়গাতেই চলছে। এক উত্তর কোরিয়া ও দুই পশ্চিমবঙ্গে।” উত্তর কোরিয়ার কিম জং উনের রাজত্বের সঙ্গে বাংলাকে তুলনা করেছেন সুকান্ত বলেন কিম জং উনকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করতে পারেন। অর্থাৎ কিমের একনায়কতন্ত্রের সঙ্গে মমতা সরকারের কোনো ফারাক নেই বলতে চেয়েছেন তিনি।
ত্রিপুরায় বিজেপি সরকারকে বর্বর বলে সরব হয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ওরা আগে নিজেদের দিকটা দেখুন তারপর অন্যদিকে আঙ্গুল তুলুন। বিধানসভা ভোটের পর থেকে বাংলায় বিজেপি কর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছেন। পঞ্চাশের বেশি কর্মী কিভাবে খুন হয়েছেন। সেই পরিসংখ্যানের দিকে তাকাতে বলেছেন রাজ্য বিজেপি সভাপতি।
আজ কলকাতায় বিজেপি সদর দপ্তরের বাইরে ত্রিপুরার ঘটনার বিরুদ্ধে তৃণমূল বিক্ষোভ দেখায়। এর পরিপ্রেক্ষিতে সুকান্ত বলেন, একটা রাজনৈতিক দলের দফতরের বাইরে আরেকটা দল ধর্নায় বসে, ভারতবর্ষে এমন কোথাও দেখিনি। তৃণমূল নতুন ট্রেন্ড সেট করছে। এতে আইন শৃঙ্খলা পরবর্তী সময়ে সমস্যায় পড়তে পারে। বিজেপি এমন কখনো করে না। তৃণমূল নেতাদের ধর্নায় বসাকে বদ অভ্যেস বলেই কটাক্ষ করেছে সুকান্ত। একই সঙ্গে তাঁর দাবি ত্রিপুরায় তৃণমূলের ভোটে জেতার কোনো সম্ভাবনা নেই।

