আমাদের ভারত, হাওড়া, ২২ নভেম্বর: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন লোকাল ট্রেন বন্ধ থাকার পর পুনরায় চালু হলেও সঠিক সময়ে ট্রেন চলাচল না করায় দুর্ভোগ কমছে না নিত্যযাত্রীদের। আর এই অনিয়মিত ট্রেন চলাচল করার প্রতিবাদে সোমবার সকালে দক্ষিণ পূর্ব রেলের বীরশিবপুর স্টেশনে ট্রেন অবরোধে সামিল হল নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, ট্রেন অনিয়মিত চলাচলের পাশাপাশি বেশকিছু ট্রেন গ্যালোপিন হওয়ায় বীরশিবপুর স্টেশনে থামছে না। ফলে দুটি ট্রেনের মধ্যে সময়সীমা অনেকটাই বেড়ে যাচ্ছে। আর তাতেই দুর্ভোগ বাড়ছে নিত্যযাত্রীদের। তাদের অভিযোগ, এই নিয়ে স্টেশন মাস্টারকে একাধিকবার বলা হলেও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে ট্রেন অবরোধ করতে হয়েছে।
এদিকে সপ্তাহের প্রথমদিনে ট্রেন অবরোধের জেরে আটকে পড়ে একাধিক ট্রেন। প্রায় আধঘণ্টা অবরোধ চলার পর রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

