আমাদের ভারত, হাওড়া, ২২ নভেম্বর: উলুবেড়িয়া থানার মংরাজপুরে গৃহবধূ আশিকা বেগমকে খুনের অভিযোগ উঠেছিল স্বামী শেখ ইজাজুলের বিরুদ্ধে। ঘটনায় মৃত গৃহবধূর পরিবার উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। যদিও তারপর দুটো মাস কেটে গেলেও পুলিশ ইজাজুলকে গ্রেফতার করতে না পারায় সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা বিরশিবপুর বোয়ালিয়া রাস্তার হাটাগাছা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তার ফাঁসির দাবি জানান গ্রামবাসীরা। প্রায় অড়াই ঘন্টা পথ অবরোধ চলার পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত হয়।
প্রসঙ্গত, বছর দেড়েক আগে আশিকার সঙ্গে পেশায় টোটো চালক ইজাজুলের বিয়ে হয়। আশিকার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই জিনিসপত্রের দাবিতে মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা তার উপর অত্যাচার শুরু করে। মেয়েকে অত্যাচারের হাত থেকে বাঁচতে জিনিসপত্র দিলেও অত্যাচার না কমায় জুলাই মাসের মাঝামাঝি আশিকা বাপের বাড়ি চলে আসে। যদিও পরে ১৯ সেপ্টেম্বর আশিকা পুনরায় শ্বশুরবাড়ি চলে যায়।

মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, ২২ সেপ্টেম্বর সকালে ইজাজুল ফোনে জানায় আশিকা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। যদিও আমরা মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে দেখি আশিকা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তাদের অভিযোগ, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন মেয়ে আত্মঘাতী হয়েছে বকে দাবি করলেও আমাদের বিশ্বাস মেয়েকে খুন করা হয়েছে।

