জাতীয় মেলা করার নামে মুখ্যমন্ত্রী কেবল টাকা তুলে বেড়ান, অভিযোগ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৯ ডিসেম্বর:গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় সরকার কোন সাহায্য করে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় কেন্দ্রের কাছে কুম্ভমেলা সুয়োরানী আর গঙ্গাসাগর মেলা দুয়োরানী। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। কিন্তু মেলার নাম করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টাকা তোলার মতো বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি রাজ্য পসভাপতি সুকান্ত মজুমদার।

বুধবার সুকান্ত মজুমদার অভিযোগের সুরে বলেন, “মুখ্যমন্ত্রী শুধু জাতীয় মেলার নামে টাকা তোলেন। তিনি অভিযোগ করেছেন গঙ্গাসাগরের উন্নয়নের জন্য টাকা চেয়ে পাননি। আমি জানতে চাই তিনি কী আদৌ কোনো চিঠি লিখেছেন কেন্দ্রকে? যদি লিখে থাকেন কোথায় গেল সেই চিঠি?মেলা করার নামে কেবল টাকা তুলে বেড়ান তিনি।”

তবে শুধু সুকান্ত মজুমদার নন, দিলীপ ঘোষও মুখ্যমন্ত্রীর অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন। দিলিপের মন্তব্য,” সত্যি যদি গঙ্গাসাগরের উন্নয়ন চান তাহলে নির্দিষ্ট প্ল্যান নিয়ে কেন্দ্রের সাথে কথা বলুন মুখ্যমন্ত্রী। গত ১০ বছরে গঙ্গাসাগরের কি কি উন্নতি হয়েছে তা খতিয়ে দেখান। আসলে কলকাতা পুরনির্বাচনে মুখ্যমন্ত্রী যে পাপ করেছেন তা ধুতে গঙ্গাসাগরে গিয়েছেন উনি। প্রত্যেক নির্বাচনের পরই দিদিমণি কোথাও-না-কোথাও পুজো দিতে যান বাংলার বাইরে কোথাও রাজনীতি শুরু করেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার গঙ্গাসাগরে গিয়ে বলেন, “কেন্দ্র সরকার এই মেলায় এক পয়সাও দেয় না। কুম্ভ মেলাতে সব টাকা দেয় কেন্দ্র। মমতার দাবি কুম্ভমেলা যদি ওয়ান হয় এটা একটু হওয়া উচিত। কুম্ভ মেলা থেকে এটা কোন অংশে কম নয়। তার দাবি ছিল গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা তকমা দেওয়ার জন্য বহুবার কেন্দ্রকে চিঠি লিখেছেন”।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *