রাজেন রায়, কলকাতা, ২৯ ডিসেম্বর: দেশজুড়ে
চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন। বাংলায় ফের একদিনে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে হাজারে। আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতার স্কুলে স্কুলে পড়ুয়াদের করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের স্কুলে স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি শুরু হবে।
২০২২ সালের ৩ জানুয়ারি থেকে শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার সাংবাদিক বৈঠকে মেয়র জানান, স্কুলে স্কুলে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তাঁরা। কলকাতা পুরসভার বিভিন্ন বরোর নানা স্কুলে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্কুলকেও সে জন্য পরিকাঠামো তৈরি করে রাখার কথা বলেছেন তিনি। এছাড়া চিকিৎসক রাখার কথাও বলেছেন তিনি।
মেয়রের কথায়, “প্রাইভেট স্কুলে চিকিৎসকের ব্যবস্থা থাকে। সরকারি স্কুলে আমরাই চিকিৎসকের ব্যবস্থা করবো।” এখন কোভ্যাকসিন দেওয়া হবে ছোটদের। কলকাতার মোট ২৭ টি সেন্টার ও স্কুলে এই টিকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। প্রতিদিন ১৬ টি বরোর ১৬ টি করে স্কুলে প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানান ফিরহাদ।

