খুব তাড়াতাড়ি মুখ থুবড়ে পড়বে মুখ্যমন্ত্রীর “দুয়ার রেশন প্রকল্প,” দাবি বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৯ নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন দুয়ারে সরকার প্রকল্প একটি বিশ্বসেরা প্রকল্প। তার আওতাধীন দুয়ারে রেশন প্রকল্প চলতি মাসের ১৬ নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে বলেও ঘোষণা করেছেন তিনি। কিন্তু এর পাল্টা দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, এই দুয়ারে রেশন প্রকল্প খুব তাড়াতাড়ি মুখ থুবড়ে পড়বে।

বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের দেওয়া অন্যতম বড় প্রতিশ্রুতি দুয়ারে রেশন প্রকল্পের সূচনা কথা মঙ্গলবার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ১৬ নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্পের পাইলট প্রজেক্ট শুরু হয়েছিল পুজোর আগেই।‌ সেই সময় বিশেষ কিছু অঞ্চলে প্রকল্পের সূচনা করা হয়। একই সঙ্গে সরকারি এই প্রকল্পের বিভিন্ন সমস্যা এবং কিভাবে একে আরো উন্নত করা সম্ভব সেই সমস্ত পরীক্ষা চালানো হয়।

দুয়ারে রেশন প্রকল্পের বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। রেশনের গাড়ি পাড়ায় পাড়ায় যাবে, সেখানে পাড়া থেকেই সব মানুষ এক জায়গায় এসে গাড়ি থেকে নিজেদের রেশন নিয়ে নিতে পারবেন।

কিন্তু এই দুয়ারে রেশন প্রকল্প কোনো ভাবেই আগামী দিনে এগোবে না বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। কারণ এই প্রকল্পের জন্য যে অর্থ প্রয়োজন সেটা সরকার বরাদ্দ করেনি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিজেপি নেতা প্রশ্ন তুলেছেন অর্থ বরাদ্দ না করে প্রকল্প চালু করছেন মুখ্যমন্ত্রী, তাহলে কি তিনি রেশন ডিলারদের বাঁকা পথে রোজগারের জন্য পথ দেখাচ্ছেন? সুকান্ত মজুমদারের কথায়, “এই দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে রেশন ডিলাররা কোর্টে গেছেন। মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করে দিতে বলেছেন, কিন্তু তার জন্য যে ফান্ডিং প্রয়োজন তার ব্যবস্থা তিনি করেননি। এই প্রকল্প বেশিদিন চলতে পারে না, মুখ থুবড়ে পড়বে। না হলে রেশন ডিলারদের উনি বাঁকা পথে রোজগার করার জন্য উৎসাহিত করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *