দিদির কাছে মুসলিম ভোটের কদর বেশি, তাই তড়িঘড়ি সাসপেন্ড করে আই ওয়াস করা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে প্রশাসন। কিন্তু তদন্ত শুরুর একদিনের মধ্যেই এই পদক্ষেপের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায়, এর পেছনে আসলে মুখ্যমন্ত্রীর ভোটব্যাঙ্কের রাজনীতি রয়েছে। তাই তদন্ত না করেই তড়িঘড়ি পুলিশ কর্মীদের সাসপেন্ড করে মুসলিম ভোটারদের শান্ত করতে চাওয়া হয়েছে।

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হতেই
আমতা থানার এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম, হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার, কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। এছাড়াও নিরপেক্ষ তদন্তের জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী যেহেতু মুসলিম ভোটকে বেশি কদর করেন তাই তড়িঘড়ি রেজাল্ট দেখানোর জন্য এই পলিটিক্স। তদন্ত না করে এদের সাসপেন্ড করা হয়েছে। পুলিশ কর্মীদের তদন্ত করে সাসপেন্ড করলে ভালো হতো। কারণ একদিনে কখনো তদন্ত হতে পারে না, সম্ভব নয়। জটিল বিষয়। কে মেরেছে কে ধাক্কা মেরেছে? তদন্তের প্রয়োজন।” তার কথায়, “আসলে মুখ্যমন্ত্রীকে ভোটদাতা দুধেলগাইকে সন্তুষ্ট করার জন্য তড়িঘড়ি এটা আই ওয়াশ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *