স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ ফেব্রুয়ারি: আবারো শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে রক্তের কালোবাজারির অভিযোগ উঠল। কৃষ্ণনগর কোতোয়ালি থানার শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনা।
সূত্রের খবর, নিজেকে রোগীর পরিবারের লোক বলে দাবি করে শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত নিতে এসে কালোবাজারির অভিযোগে হাতেনাতে ধরা পড়লো এক দালাল। ধৃত ব্যক্তির নাম মহিদুল সেখ, বাড়ি বহিরগাছি। অভিযোগ, মহিদুলের দীর্ঘদিন ব্লাড ব্যাঙ্কের সাথে সম্পর্ক রয়েছে এবং সেখান থেকে রক্ত নিয়ে গিয়ে তিনি কালোবাজারি করেন। আজও তিনি এসেছিলেন রোগীর আত্মীয় পরিচয় দিয়ে। অভিযোগ, রোগীর পরিবারের কাছ থেকে এক ইউনিট রক্তের জন্য এক হাজার টাকা নিয়ে এই ব্লাড ব্যাঙ্কে তিনি রক্ত নিতে এসেছিলেন। ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শক্তিনগর হাসপাতালের সহকারি ভারপ্রাপ্ত আধিকারিক জানান, ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে দরখাস্তের মাধ্যমে তাকে জানানো হয় কোন এক ব্যক্তি টাকার বিনিময় রক্ত জোগাড় করে দেবে বলেছে। দরখাস্ত আমাদের কাছে জমা পড়তেই আমরা সেটা কোতোয়ালি থানায় পাঠিয়ে দিয়েছিলাম। তারা তাদের মত করে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
রোগীর পরিবারের অভিযোগ, এক ইউনিট রক্তের জন্য ধৃত ব্যক্তি এক হাজার টাকা দাবি করে। ৩ ইউনিট রক্ত লাগবে বলেছে হাসপাতাল থেকে। তার জন্য অভিযুক্ত ওই ব্যক্তি তিন হাজার টাকা অগ্রিম নিয়েছে।
ইতিমধ্যেই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।

