Sukanta, BJP, রাজ্যসভা থেকে ইস্তফা, ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাতের পর কোয়েল মল্লিককে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় জল্পনা শুরু

আমাদের ভারত,১৬ জুলাই: মাত্র দু’ মাস দশ দিনের মধ্যেই কি রাজনৈতিক অধ্যায়ের ইতি টানলেন অভিনেত্রী কোয়েল মল্লিক? ৬ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি। আর ১৬ জুলাই সেই পদ থেকে ইস্তফা দিলেন। রাজনীতিতে তার প্রবেশ যেমন ছিল চমকপ্রদ, তেমনই পদত্যাগের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাতের পর ইস্তফা দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েল মল্লিক? এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার হাওড়াতে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সুকান্তবাবু। কোয়েল মল্লিকের পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর আগে তিনজন সাংসদ যেভাবে ইস্তফা দিয়ে আবার সাংসদ পদে ফিরে এসেছেন, তিনিও সেভাবেই ফিরে আসবেন। তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কোয়েলও হয়তো খুব শীঘ্রই বিজেপির টিকিটে রাজ্যসভায় ফিরতে চলেছেন।

সাম্প্রতিক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। বিজেপি ইতিমধ্যে তাদের রাজ্যসভার প্রার্থী করেছে। একই পথে কোয়েল মল্লিকও হাঁটতে পারেন কি না তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

কোয়েলের পদত্যাগের সময়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ। গত জুন মাসে যখন পরপর তিন তৃণমূল সাংসদ ইস্তফা দেন তখন তার নাম সামনে এসেছিল। যদিও সেই সময় তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি। পরে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে তিনি নিজের পদত্যাগ পত্র জমা দেন। এরপর তার ইস্তফা গৃহীত হয়। একই দিনে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বৈঠক রাজনৈতিক জল্পনা তৈরি করে দেয়।

এরপর বৃহস্পতিবার সুকান্ত মজুমদার বলেন, রাজ্যসভায় বিজেপির শক্তি ক্রমশ বাড়ছে, মানুষের স্বার্থে বিজেপির এখনো অনেক কাজ বাকি রয়েছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। তাঁর করা দুই মন্তব্যকে অনেকেই কোয়েলের সম্ভাব্য বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখেছেন।

কোয়েল যদিও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কোনো কিছু জানাননি। বিজেপিতে তিনি যোগ দেবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও করেননি। তবে ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ, সংসদ পদ থেকে ইস্তফা এবং সুকান্ত মজুমদারের মন্তব্য, তিনটি ঘটনাকে একসারিতে রেখে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন খুব শীঘ্রই কোয়েল মল্লিকের এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরুর হতে চলেছে।

রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা ও সাংসদের দল বদলের ঘটনা ইতিমধ্যেই বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই তালিকায় কোয়েল মল্লিকের নামও যুক্ত হবে কি না সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *