SSC, Suvendu, Sukanta, BJP, এসএসসি- তে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়োগ, শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তকে সময়োপযোগী ও দূরদর্শী বলে প্রশংসা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১২ আগস্ট: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে চার জন নতুন সদস্য নিয়োগ করেছে রাজ্য সরকার। তাদের মধ্যে রয়েছে রামকৃষ্ণ মিশনের তিন সন্ন্যাসী এবং আইআইএম কলকাতার এক অধ্যাপকও রয়েছেন। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পরেই বুধবার এই সিদ্ধান্তে তাৎপর্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার লিখেছেন, এটি অত্যন্ত গর্বের, তাৎপর্যপূর্ণ ও আশা ব্যঞ্জন সিদ্ধান্ত। শিক্ষা ব্যবস্থার মতো অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে স্বামী আত্মপ্রিয়ানন্দজী মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানানন্দজী মহারাজ ও স্বামী
তত্ত্বসারানন্দজী মহারাজের মতো প্রজ্ঞা, মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা ও শিক্ষা আদর্শের সমৃদ্ধ ব্যক্তিত্বদের দায়িত্ব অর্পণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান অর্জনের মাধ্যম নয়, একজন শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা, দায়িত্ববোধ, মানবিকতা ও দেশপ্রেম গড়ে তোলার অন্যতম প্রধান ভিত্তি। সেই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে জ্ঞান ও মূল্যবোধের সমন্বয়ে একটি সুদৃঢ় শিক্ষা- ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সিদ্ধান্ত শিক্ষায় ভারতীয় ঐতিহ্য, নৈতিক মূল্যবোধ ও সর্বাঙ্গীন মানবিক বিকাশের প্রতি এক গভীর আস্থার প্রকাশ। আগামী প্রজন্মকে জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে একটি শক্তিশালী আত্মনির্ভর ভারত গড়ার পথে এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। সরকারের দ্বারা এই দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।”

তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগ, দুর্নীতির ফলে নানাভাবে দূষিত হয়েছে। স্কুল সার্ভিস কমিশন নিয়ে উঠেছে একের পর এক অভিযোগ। আদালতে কলঙ্কিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের গরিমা। ধাক্কা খেয়েছে কমিশনের বিশ্বাসযোগ্যতা। তাই স্কুল সার্ভিস কমিশনের হারানো গৌরব পুনরুদ্ধারে, তথা শুদ্ধিকরণে বিশেষ যত্নশীল হলো পশ্চিমবঙ্গের নতুন দায়িত্বপ্রাপ্ত সরকার।

মঙ্গলবার এসএসসি’র তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, কমিশনের সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে রামকৃষ্ণ মিশনের তিন শিক্ষাবিদ সন্ন্যাসী’কে। পাশাপাশি কমিশনের নতুন সদস্য হয়েছেন কলকাতা আইআইএম- এর এক অধ্যাপকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *