Netaji, Kolkata, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের ২৪ ঘন্টা কাটার আগেই কলকাতাতে ভাঙ্গা হলো নেতাজির মূর্তি

আমাদের ভারত, ১৩ আগস্ট: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একের পর এক কুরুচিকর মন্তব্য ও অপমানজনক পোস্ট নিয়ে বিতর্ক তুঙ্গে‌। তার মাঝে খোদ কলকাতাতে ভাঙ্গা হলো নেতাজির মূর্তি। নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় নেতাজির একটি মূর্তির ডান হাত রাতের অন্ধকারে ভেঙ্গে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতিরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

নেতাজিকে অসম্মান করা নিয়ে বুধবার কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যম ও প্রকাশ্যে নেতাজির বিরুদ্ধে কু- মন্তব্য বরদাস্ত করা হবে না জানিয়ে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নির্দেশের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতাতেই দেশ নায়কের মূর্তি ভাঙ্গচুরের ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত মূর্তির পাদদেশে ব্যানার ও পতাকা নিয়ে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকরা। “ভারত মাতা কি জয়” এবং “নেতাজির অপমান সহ্য করা হবে না,” শ্লোগান দিয়ে‌ প্রতিবাদ জানান নিউ আলিপুর এলাকার বিজেপি কর্মীরা। তারা বলেন, আজ সকালে উঠে দেখা যায় মূর্তির হাত ভাঙ্গা। মুখ্যমন্ত্রী কাল নেতাজির উপর আক্রমণের বিরুদ্ধে করা ব্যবস্থার কথা বলেছেন আর তার বদলা নিতে তৃণমূলের দুষ্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে।

বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ভেঙ্গে দেওয়া মূর্তি স্থানের সংস্কার করে নতুন মূর্তি বসানো হবে এবং আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন সেখানে শ্রদ্ধা জানানো হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে ও সোশ্যাল মিডিয়াতে নেতাজির উদ্দেশ্যে নানা অসম্মানজনক মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এমনকি বিজেপি সাংসদ অনন্ত মহারাজ নেতাজিকে দেশদ্রোহী বলেছেন, তার বিরুদ্ধে বিরোধীরা সরব হন। এরপর তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হয়েছে। যদিও বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর প্রতি কেউ অসম্মান দেখালে তাকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে মামলা হয়, কিন্তু নেতাজিকে অসম্মান করলে‌ সে সব কিছুই হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *