“বিজেপিতে অভিজ্ঞতা কম” মন্তব্যের জবাব দিলেন সুকান্ত, পাশে বসা দিলীপও বদলালেন নিজের সুর

আমাদের ভারত, ২৪ এপ্রিল: ‘অভিজ্ঞতা’ প্রসঙ্গে নিয়ে চাপা লড়াই চলছিল বঙ্গ বিজেপিতে। কিন্তু সেই লড়াই সম্ভবত আর চালিয়ে নিয়ে যেতে চাইছেন না দিলীপ ঘোষ। কারণ তার করা “অভিজ্ঞতা কম” মন্তব্যের জবাব এমন ভাবেই দিয়েছেন সুকান্ত মজুমদার যে তাকেও এবিষয়ে মত বদল করতে দেখা গেল। পাশাপাশি বসে বৈঠক করলেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার। বৈঠক শেষে সংবাদমাধ্যমে প্রশ্নের উত্তর দিতে গিয়েই দিলীপকে জবাব দেন সুকান্ত। আর তার সাক্ষী থাকলো দিলীপের লোকসভা আসন মেদিনীপুর। রবিবার মেদিনীপুর শহরে বিজেপির সাংগঠনিক জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটালের নেতাদের নিয়ে বৈঠক ছিল সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার।

আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনে পরাজয়ের পরে রাজ্য নেতৃত্বকে অপরিণত বলে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর সেই সময় সুকান্তর অভিজ্ঞতা কম বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। সঙ্গে সঙ্গে ওই মন্তব্যের কোন উত্তর দিতে চাননি সুকান্ত মজুমদার। কিন্তু রবিবার মেদিনীপুরের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, “শুরুতেই কারো অভিজ্ঞতা থাকে না। আমি যখন রাজ্য সভাপতি হয়েছি তখন আড়াই বছর সাংসদ থাকার অভিজ্ঞতা ছিল আর দিলীপ ঘোষ যখন সভাপতি হন তখন ৬ মাস একবছরের অভিজ্ঞতা ছিল”।

আর সুকান্তের আজকের মন্তব্যের পর দিলীপ ঘোষ যে কথা বলেছেন তার থেকে এটা স্পষ্ট যে এই অভিজ্ঞতার লড়াইয়ের বেশিদূর টানতে চাইছেন না বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি। বরং এই প্রসঙ্গে তিনি আজ দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করেন। তিনি বলেন আমরা একসঙ্গেই রয়েছি পাশাপাশি রয়েছি। আমরা মাত্র ৪২ বছর বয়সের একজনকে রাজ্য সভাপতি করেছি যে দলের এতজন সাংসদ বিধায়ক রয়েছেন সেই দলে এত কম বয়সের কাউকে সভাপতি করতে দেখা যায় না। অন্য দলে তো বুড়ো হাবড়াদের সভাপতি করা হয়।

এর আগে সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বলছিলেন মতপার্থক্য আপনারা দেখেন, আমরা দেখি না। আমরা প্রত্যেকেই দলের নেতা। একসময় দিলীপ দা রাহুল দা নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকের সঙ্গে মতের অমিল থাকতে পারে কিন্তু কারো সাথে মতবিরোধ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *