জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ এপ্রিল: মেদিনীপুর বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব পালিত হয়েছে রবিবার। প্রদীপ জ্বালিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।

উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর গোলক বিহারী মাজী, কলেজের আইকিউএসি সদস্য উদ্যোগপতি মদনমোহন মাইতি, অধ্যাপক তথা প্রাক্তনীর সভাপতি ড: বিশ্বজিৎ সেন, রাজা নরেন্দ্রলাল খান, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ড: সুজয় কুমার মাইতি, আইকিউএসি সদস্য ড: সুকুমার মন্ডল, কলেজের অধ্যাপিকা কিশওয়ার বাদাকশান, সঙ্গীত গুরু জয়ন্ত সাহা, প্রাক্তনীর সহ সভাপতি শ্যামল কুমার মন্ডল সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষা কর্মী ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

স্বাগত বক্তব্য রাখেন টিচার-ইন-চার্জ অধ্যাপিকা কিশওয়ার বাদাকশান। বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ড: সুজয় কুমার মাইতি। অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, নাটক, মুকাভিনয় উপস্থাপনা করেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা। স্মৃতিচারণায় অংশ নেন প্রাক্তনীরা। কলেজের থিম সং’য়ের উদ্বোধন করেন জয়ন্ত সাহা। প্রাক্তন ও বর্তমান মিলে দুই শতাধিক প্রতিনিধি এদিনের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আগমনী কর মিশ্র।

