Food Minister, Ration, চিনি, সুজি ময়দা! রেশনে পুজোর বড়সড় প্যাকেজ ঘোষণা রাজ্যের খাদ্যমন্ত্রীর

আমাদের ভারত, ২ অক্টোবর: পুজো উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করলো রাজ্যের খাদ্য দপ্তর। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ পরিবারকে ৫০ শতাংশ ছাড়ে দেওয়া হবে রেশন। উৎসবের মরশুমে দেওয়া হবে ২৫০ গ্রাম সুজি, চিনি সহ একাধিক জিনিস।

শুক্রবার সাংবাদিক বৈঠকে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর দাবি, ভারতের ইতিহাসে কোনো রাজ্য সরকার পুজো উপলক্ষে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেনি। রাজ্যের বিজেপি সরকার প্রথম দুর্গা পুজো স্পেশাল প্যাকেজ নিয়ে এলো।

তিনি জানান, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে ডেকে বলেন, হিন্দু সনাতনীরা আমাকে ব্যাপকভাবে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। বিগত সরকারের মতো পুজো প্যাকেজ না করে নতুনত্ব কিছু করুন।” মুখ্যমন্ত্রীর কথা মত খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। বিগত সরকার ১০% ছাড়ে পুজোর সময় রেশন দিতো, তাও উপভোক্তাদের নয়। খাদ্যমন্ত্রী বলেন, এর আগে সরকার অন্তদ্বয় যোজনা অর্থাৎ এ এ ওয়াই, এস পি এইচ এই দুই ধরনের কার্ড এর উপভোক্তাদের দশ শতাংশ ছাড়ে খাদ্য সামগ্রী দেওয়া হতো। আমরা পুরো ৫০ শতাংশ ছাড়ে পশ্চিমবঙ্গের মানুষকে খাদ্য সামগ্রী বন্টন করছি। ৭৮ লক্ষ পরিবার এই সুবিধা পেয়েছে। এখন প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার অর্থাৎ রেশন ব্যবস্থার অধীনে থাকা পরিবারকে আমরাই উৎসবের প্যাকেজের আওতায় এনেছি।

এই প্রসঙ্গে তৃণমূল সরকারের ঋণের কথা উল্লেখ করে তিনি বলেন, আগের সরকার আমাদের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে গেছে, তা সত্ত্বেও এর জন্য সরকার ১১৪ কোটি টাকা অতিরিক্ত খরচ করছে। এটাই হিন্দু বাঙালি সনাতনীদের পুজো স্পেশাল প্যাকেজ।

মন্ত্রী জানান, উৎসবের আবহে রেশনে প্রতিটি পরিবারকে ২৫০ গ্রাম করে সুজি দেওয়া হবে, কোন ভেদাভেদ না করে পাঁচ শ্রেণির রেশন কার্ড হোল্ডারকে এই প্যাকেজ দেওয়া হবে। তিনি আরো বলেন, চিনির দাম ৬০ টাকা হলে রেশনে ৩০ টাকা প্রতি কেজি দরে চিনি দেওয়া হবে। ময়দার দাম ৩৭ টাকা হলে প্রতি কেজি মিলবে ১৮ থেকে ১৯ টাকা দরে। সুজির দাম ৪০ টাকা হলে ২০ টাকা প্রতি কেজি দরে দেওয়া হবে।

প্যাকেজে থাকলেও পরিবার প্রতি ১ কেজি করে চিনি, ১ কেজি ময়দা, নতুন সংযোজন ২৫০ গ্রাম করে সুজি দেওয়া হবে। প্যাকেজে কোয়ালিটি ও কোয়ান্টিটি সঠিক থাকবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী।

তিনি বলেন, ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের পুজো প্যাকেজ কোনো রাজ্য সরকার দেয়নি। আগামী দিনে আর্থিক অবস্থা ভালো হলে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *