আমাদের ভারত, ২১ অক্টোবর: টেট পরীক্ষার্থীদের আন্দোলনে ‘পুলিশি বর্বরতাকে’ ধিক্কার জানিয়ে বিবৃতি দিল এস ইউ সি আই (কমিউনিস্ট)।
দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য শুক্রবার সকালে বলেন, “২০১৪ তে প্রাথমিকে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা গত পরশুদিন থেকে সল্টলেকে যে আন্দোলনে নেমেছিলেন এবং যেভাবে তাঁরা আমরণ অনশন শুরু করেছিলেন তা রাজ্যের শিক্ষক আন্দোলনের ইতিহাসে এক নজির বিহীন ঘটনা। অনশন যখন ৮৪ ঘন্টা পেরোলো তখন রাজ্য সরকার অত্যন্ত নৃশংসভাবে পুলিশ দিয়ে জোর করে অনশনকারীদের নিউটাউন থানায় নিয়ে যায় – যা সরকারের চূড়ান্ত উদ্ধত্যকেই প্রকাশ করে।
পুলিশি এই অত্যাচারে কয়েকজন অনশনকারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আমরা একদিকে যেমন আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিচ্ছি তেমনি অপরদিকে সরকারের এই স্বৈরাচারকে ধিক্কার জানাই। সাথে সাথে আমরা দাবি করছি,
১) ২০১৪ ও ২০১৭ র টেট উত্তীর্ণদের পুণরায় পরীক্ষা দিতে বাধ্য করা চলবে না।
২) ২০১৪ র উত্তীর্ণ প্রার্থীদের ঐ সময় ঘোষিত শূন্যপদের ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে আগে নিয়োগ করতে হবে
৩) ২০১৭ র উত্তীর্ণদের ২০১৭ সালে ঘোষিত শূন্যপদের ভিত্তিতে একই প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে
৪) এই দুই নিয়োগ প্রক্রিয়া যতদিন সম্পূর্ণ না হচ্ছে ততদিন ঐ প্যানেলের মেয়াদ শেষ করা চলবে না। আমাদের আরো দাবি, এই নতুন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার সার্বিক প্রচেষ্টা গ্রহণ করতে হবে।”

