আমাদের ভারত, কলকাতা, ২২ ফেব্রুয়ারি: ছাত্র নেতা আনিস খানের খুনের প্রতিবাদে ছাত্রদের মিছিলের উপর পুলিশের বর্বরচিত লাঠি চালনার তীব্র নিন্দা ও খুনের নিরপেক্ষ তদন্তের দাবি জানাল এসইউসিআই (কমিউনিস্ট)।
মঙ্গলবার দলের পঃ বঃ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, “আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মিছিলে কলেজ স্ট্রিটে রাজ্য সরকারের পুলিশ যেভাবে ব্যাপক লাঠি চালিয়েছে এবং কয়েকজন প্রতিবাদীকে গ্রেফতার করেছে আমরা তার তীব্র নিন্দা করছি।
ঘটনার ৪ দিন অতিক্রম হওয়ার পরও তদন্তে সরকার কোনো কার্যকরি ভূমিকা নেয়নি। পুলিশের পোশাক পরে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে যেভাবে নৃশংসভাবে আনিসকে হত্যা করেছে তার বিরুদ্ধে আমরা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সাথে সাথে তদন্তের গতি বাড়ানোর দাবি করছি।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নানান দাবিতে গড়ে ওঠা প্রতিবাদী আন্দোলনের সঙ্গে আনিসের সরাসরি সংযোগ ছিল৷ কিন্তু মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর তার রাজনৈতিক পরিচয় নিয়ে যেভাবে ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলোর দড়ি টানাটানি চলছে তা খুবই ন্যক্কারজনক।
এই হত্যার পিছনে সরাসরি পুলিশ কিংবা পুলিশের পোশাকে দুষ্কৃতী যাদেরই ভূমিকা থাকুক তার দায় সরাসরি রাজ্য সরকারকে নিতে হবে। তা না করে সরকার আনিসের পরিবারের সাথে যেভাবে আর্থিক ক্ষতিপূরণ অথবা চাকরির প্রসঙ্গ তুলে পরোক্ষে তদন্তের দায়ভার এড়াচ্ছে তা অত্যন্ত নিন্দাজনক।
আমরা মনে করি, নীতিহীন ক্ষমতালোভী রাজনীতির কারণেই দুষ্কৃতীদের এই ধরনের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে এবং তা সাধারণ মানুষের সমস্ত ধরনের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ নামিয়ে আনছে। শক্তিশালী গণ আন্দোলনের রাজনীতিই এই দুবৃত্তায়ন রুখে দিতে পারে।”

