সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২২ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর পছন্দের প্রার্থী প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান শান্তি সিংহের পুত্র বিশ্বনাথ সিংহের বিরুদ্ধে একদা পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা মুখপাত্র দিলীপ আগরওয়ালের প্রতিদ্বন্দ্বীতা বাকুঁড়া পুর নির্বাচনে নজর কাড়া আসনে কাকা ভাইপোর লড়াই বিশেষ মাত্রা যোগ করেছে। এই কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন শান্তি বাবুর সহোদর ভাই বাসুদেব সিংহ। একদিকে ডাকাবুকো হেভিওয়েট প্রার্থী দিলীপবাবু তার উপর কাকা জাতীয় কংগ্রেসের প্রার্থী। এছাড়াও রয়েছেন গতবারের বিজয়ী সিপিএমের রাজু দাস ও বিজেপির দুর্গাদাস চ্যটার্জি। একদা তৃণমূলের এই ডাকাবুকো দিলীপবাবুই তার প্রধান প্রতিপক্ষ একথা বিশ্বনাথ না বললেও রাজনৈতিক অভিমত এটাই। তবে এই ওয়ার্ডে ডার্ক হর্স কিন্তু সিপিএমের রাজু দাস। বিরোধী দলের সদস্য সত্বেও নানা প্রতিকূলতায় তার পারফরমেন্সে সন্তুষ্ট এলাকার অধিবাসীরা।

বাকুঁড়া পুরসভার নজরকাড়া এই সাত নম্বর ওয়ার্ডে দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে
প্রতিদ্বন্দ্বীতার কারণে দিলীপবাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তবুও অনড় দিলীপবাবু জয়ের ব্যপারে নিশ্চিত। বাকুঁড়া পুরসভার ভোটে সবচেয়ে চ্যালেঞ্জিং এই সাত নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর পছন্দের প্রার্থী আপনি, আপনাকে হেভিওয়েট প্রার্থী পুরসভার বিদায়ী বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা জেলার মুখপাত্র দিলীপ বাবুর মোকাবিলা ছাড়াও আপনার কাকা আপনার প্রতিদ্বন্দ্বী। আপনি মোকাবিলা করছেন কি ভাবে? প্রশ্নের জবাবে বিশ্বনাথ বাবু বলেন, এই মুহূর্তে আমি তো কোনও শক্ত প্রতিপক্ষ কাউকে দেখছি না। এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সিপিএমের। তিনি কেমন কাজ করেছেন তা এলাকার অধিবাসীরা ভালো ভাবে জানেন। যেখানে সারা বাকুঁড়া শহরে নতুন নতুন রাস্তা, ড্রেন হয়েছে, নতুন লাইটের ব্যবস্থা হয়েছে সেখানে সাত নম্বর ওয়ার্ডে কোনও কাজ হয়নি, বিদায়ী কাউন্সিলরের চরম ব্যর্থতা আমার সুবিধা করে দিয়েছে। তাছাড়া আমার পিতা প্রয়াত শান্তি সিং দীর্ঘদিন এই এলাকার কাউন্সিলর ও পুরসভার চেয়ারম্যান ছিলেন, তার নিষ্ঠা, কাজ করার দক্ষতা, দিদি অর্থাৎ মমতা ব্যানার্জির সহকর্মী হিসাবে তার পরিচিতিও সুনাম আমার প্লাস পয়েন্ট। ওয়ার্ডের যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ আমাকে আশীর্বাদ করছেন, বাড়িতে আপ্যায়ন করছেন এটাই তো প্রাপ্তি।তাই জোরের সঙ্গেই বলছি জেতার ব্যাপারে আমি নিশ্চিত। নিজের কাকা বাসুদেব সিংও তো আপনার প্রতিদ্বন্দ্বী সেটাকে কিভাবে নিচ্ছেন প্রশ্নের উত্তরে বলেন, হ্যাঁ আমার কাকা এই ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের প্রার্থী।এক্ষেত্রে আমার আলাদা কোনও অনুভূতি নেই।মানুষ তার রায় দেবেন।
এ প্রসঙ্গে বাসুদেব বাবু বলেন, আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমারা দীর্ঘদিন ধরেই কংগ্রেসে আছি। আমার ভাইপো তৃণমূলের প্রার্থী। কে কোন দলের প্রার্থী তা নিয়ে আমি ভাবছি না। করোনা কালে এলাকার মানুষ আমার সার্ভিস দেখেছেন। ওই কঠিন পরিস্থিতিতে আমি এলাকার গরিব অসহায় মানুষের খাবার, ওষুধের ব্যবস্হা করেছি। নির্বাচন ঘোষণার আগেই এলাকার বাসিন্দারা আমায় নির্বাচনে দাঁড়ানোর জন্য পরামর্শ দেন। সেই মত আমি মনোনয়ন পত্র দাখিল করেছি। এবার এলাকার মানুষ চিন্তা ভাবনা করবেন।

