সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২২ ফেব্রুয়ারি: সংখ্যালঘুদের হাওয়া দিয়ে ভোটে জিতে এখন দিদিমণি মুসলমানদের খুন করছে বলে মন্তব্য করলেন বিজেপি নেতা ও রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ। আজ বাকুঁড়ায় পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে পদযাত্রায় অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ। সেই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দেন। সেই সময় আনিস হত্যাকাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ঘরে পুলিশ পাঠিয়ে খুন করানো হচ্ছে, কে অধিকার দিয়েছে? প্রশ্ন তুলে তিনি আখলাক প্রসঙ্গ টেনে এনে বলেন, তখন একটা মুসলমান মারা গিয়েছিল বলে সারা দেশ জুড়ে হৈচৈ জুড়ে দেয়, দিদি তখন রাস্তায়
হেঁটেছিলেন, এখন দিদি রাস্তায় হাঁটুন! আনিস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে সিবিআই তদন্তের দাবি করে তিনি বলেন, সিট গঠন করে কিছু হবে না, ওটা আসল তথ্য চাপা দেবার জন্য। মানুষ যখন চাইছে তখন সিবিআই তদন্ত করা হোক, দোষীরা শাস্তি পাক।
তিনি আরো বলেন, আমাদেরও দুশো কর্মীকে হত্যা করা হয়েছে। তখন তো কোনও ব্যাটা বের হয়নি, সব গর্তে ঢুকেছিল বলে তিনি বিজেপি বিরোধীদের কটাক্ষ করেন। তিনি বলেন, আরো দুশো বিজেপি কর্মী হত্যা হবে, প্রাণ দেবে তবুও বিজেপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই সরকারকে উৎখাত করবে। পুরভোটে বিজেপি ভালো ফল করবে বলে আশাবাদী দিলীপবাবু বলেন, লোকসভা ও বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছেন, পুরভোটেও আশীর্বাদ করবেন আশা প্রকাশ করে তিনি বলেন, ভোট অবাধ ও শান্তিপূর্ণ উপায়ে হোক এটাই কাম্য, কিন্তু ভোট লুট, মারামারি ঝামেলা করার চেষ্টা হবে আমরা তা প্রতিহত করবো।
পুর নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ সকালে এক পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। পদযাত্রায় দলীয় প্রার্থীরা ছাড়াও বাকুঁড়া সদর কেন্দ্রের বিধায়ক ও জেলা নেতারাও পদযাত্রায় পা মেলান।

