জিনিস কেনার পর ক্যারি-ব্যাগ বাবদ আর বাড়তি টাকা বিক্রেতাকে দিতে হবে না, কড়া পদক্ষেপ উপভোক্তা কমিশনের

আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: বড় অভিজাত কোনো দোকান, শপিং মলে জিনিস কিনতে গিয়ে হামেশাই দেখা যায় ক্রেতা যদি জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিক ক্যারি ব্যাগ চান তার জন্য বাড়তি দাম দিতে হয় তাদের। কখনো আবার গ্রাহকের অজান্তেই এই বাড়তি টাকা যোগ করে দেওয়া হয় বিলে। জাতীয় উপভোক্তা কমিশন দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীক এই চালাকির সঠিক নয় বলে সমালোচনা করছে। কিন্তু এবার এক্ষেত্রে কড়া পদক্ষেপ করল কমিশন।

অনেক ক্ষেত্রেই প্লাস্টিকের ব্যাগের জন্য বাড়তি দাম নেওয়ায় কোনো কোনো বিক্রেতাকে জরিমানা দিতে হয়েছে। আর সেটা বেশ মোটা অংকের জরিমানাও। কিন্তু এবার ক্যারি ব্যাগের জন্য আলাদা টাকা নেওয়া একেবারে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে দেশে। এখন থেকে আর কোন দোকানদার, কোন শপিংমল ক্যারি ব্যাগের জন্য আলাদা টাকা দাবি করতে পারবে না।

গ্রাহকদের কাছ থেকে এইভাবে টাকা আদায় করার পদ্ধতি নিষিদ্ধ করেছে জাতীয় উপভোক্তা কমিশন। তাদের নতুন নির্দেশিকায় ক্যারিব্যাগে কারণে টাকা নেওয়াকে অপরাধ হিসেবে পরিগণিত করা হয়েছে। শুধু ঘোষণা করে থেমে থাকছে না কমিশন। তারা বলছে এবার থেকে এমন কোনো অভিযোগ পেলে বিক্রেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কমিশনের পর্যবেক্ষণ দোকানদারের কর্তব্য গ্রাহককে তারা কেনা জিনিসটি বয়ে নিয়ে যাবার জন্য একটি ব্যাগ দেওয়া। উপভোক্তা বিষয়ক নিয়ম ভাঙার কারণে গত কয়েক দিনে বেশ কিছু শপিং মল দোকানের উপর জরিমানা করেছে কমিশন।

জাতীয় উপভোক্তা কমিশনের তরফে বলা হয়েছে দোকান থেকে কিছু কিনলে অবশ্যই বিল যাচাই করে নিতে হবে ক্রেতাদের। যদি কখনো কোন বিলে ক্যারি ব্যাগের জন্য আলাদা টাকা দিতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে তা যেন কমিশনের নজরে আনা হয়। তবে প্রসঙ্গত উল্লেখ্য, যদি কোনো গ্রাহক পয়সা দিয়ে আলাদা ক্যারি ব্যাগ কিনতে চায় এই ব্যাপারে বিক্রেতার সঙ্গে আগে থেকেই তাঁর কথা হয়ে যায় তবে কমিশন তাতে হস্তক্ষেপ করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *