আমাদের ভারত, ১৮ মে: “শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তৃণমূল সরকার যেভাবে যুক্ত হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক।” বুধবার নিয়োগে দুর্নীতি নিয়ে এই মন্তব্য করেন এসইউসিআই (সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “ভারতবর্ষে কেন্দ্রে ও রাজ্যে যে দলই সরকারে আসুক সর্বত্রই এধরণের দুর্নীতি চলছে। সম্প্রতি বিজেপি শাসিত কর্নাটকে একজন কন্ট্রাক্টর রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে কাটমানি চাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন এবং প্রধানমন্ত্রীকে জানিয়েও সুরাহা না হওয়ায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
অতীতে সিপিএম রাজত্বে এরাজ্যে চাকরি নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের বহু অভিযোগ ছিল। তৃণমূল ক্ষমতায় এসে সেই কাজই করে যাচ্ছে। এই সমস্ত দলের কোনো নীতি নৈতিকতা কাজ করছে না যার পরিণতিতে এসব ঘটছে। আমাদের দাবি, বেআইনি সকল নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ করা হোক। যে কয়েক বছর ক্ষতি হয়েছে তার বেতন তাঁদের দেওয়া হোক। সাথে সাথে প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি আমরা করছি।”

