আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ মে: শুট আউটের ঘটনার রেশ কাটতে না কাটতেই ব্যারাকপুর থেকে এবার উদ্ধার হলো তাজা বোমা।
বুধবার সকালে ব্যারাকপুর পৌর সভার সাফাই কর্মীরা রোজকার মতো বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার করার সময় ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুমার পট্টি এলাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে নর্দমা থেকে ২ টি তাজা বোমা উদ্ধার করে। সাফাই কর্মীরা সেগুলিকে নর্দমা থেকে তুলে অন্যত্র সরিয়ে রেখে টিটাগর থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তারা ওই তাজা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পৌরসভার সিআইসি নৌসাদ আলম। সকাল সকাল বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তবে এই বোমা যদি পরিষ্কারের সময় ফাটত তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ব্যারাকপুর পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে। সেই সঙ্গে সাফাই কর্মীরাও তাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে।

এদিন পৌর সভার সিআইসি বলেন, “দুটি বোমা সাফাই করার সময় নর্দমা থেকে পায় সাফাই কর্মীরা। আজ এই বোমা ফাটলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ সাফাই কর্মীরা কাজ করছিল কোনো ভাবে সাফাই করার সময় বেলচার আঘাত লাগলে বোমা ফেটে দুর্ঘটনা ঘটতে পারতো। তাই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর সেটাই স্বাভাবিক।”
এই বোমা উদ্ধার ফলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা নিয়ে ফের উঠতে শুরু করেছে প্রশ্ন।

