আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ মে: কামারহাটির সাগর দত্ত হাসপাতালে অপারেশন হওয়া রোগীর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খড়দার পাতুলিয়া শান্তি পল্লী এলাকার বছর ৬২ -র অমর দাস পায়ের সংক্রমণ নিয়ে গতকাল কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল এই হাসপাতালে তার পা’য়ের অপারেশন হয়। আজ সকালে রোগীর বাড়ির লোকজন তাকে দেখতে যায়। কিন্তু তাকে হাসপাতালে কোথাও খুঁজে পাওয়া যায় না। হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানানো সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি বলে রোগীর আত্মীয়দের অভিযোগ।
বেলা গড়িয়ে গেলেও রোগীর খোঁজ না মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এই ঘটনার ফলে পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন। টানা ৬ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত রোগীর কোনো খোঁজ খবর পাওয়া না গেলে নিখোঁজ থাকা রোগীর আত্মীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের রোগীর পায়ে ব্যাথা, পায়ে অপারেশন হয়েছে, তাহলে সে সবার চোখের সামনে দিয়ে কোথায় গেল। নিরাপত্তা রক্ষীরা অন্য সময় রোগীর আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করে রোগীদের সাথে দেখা করতে আসলে ঠিক করে দেখা করতে দেয় না। আর রোগী এখান থেকে নিখোঁজ হয়ে যায় কি করে। এতো গাফিলতি কেনো? সরকারি হাসপাতাল বলে রোগীদের কোনো নিরাপত্তা থাকবে না?”

তবে এই ক্ষোভ বিক্ষোভের মাঝেই হাসপাতাল ও হাসপাতালের বাইরে বিভিন্ন জায়গায় নিখোঁজ হয়ে যাওয়া রোগীকে খোঁজাখু্ঁজি শুরু করে দেন তার পরিবারের সদস্যরা। অবশেষে সাগর দত্ত হাসপাতালের রোগী অমর দাসকে তার পরিবারের লোকজন আগরপাড়া স্টেশন সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার করে পুনরায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। রোগীর পায়ের যে জায়গায় অপারেশন করা হয়েছিল, সেই জায়গা ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে তার আত্মীয় ও পুলিশ কর্মীরা।
এই গোটা বিষয় সম্পর্কে হাসপাতালের সুপারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “রোগীরা অনেক ক্ষেত্রেই বাথরুমে যায় সেই ক্ষেত্রে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা ভেবেছিল তিনি হাসপাতালে বাথরুমে গেছে। তবে পরবর্তীতে যখন অনেকক্ষণ ধরে তিনি তার কক্ষ গৃহে ফেরত আসেনি তারপরেই সাগর দত্ত মেডিকেল হাসপাতাল অ্যান্ড কলেজ থেকে তাকে খোঁজার চেষ্টা করা হয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখা হয় রোগীর গতি বিধি সম্পর্কে জানতে। স্থানীয় প্রশাসনের সাহায্য চেয়ে তাদেরকে রোগী নিখোঁজের কথা জানানো হয়। এবং পরবর্তীতে নিখোঁজ হয়ে যাওয়া রোগীকে আগরপাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং তাকে আবার আমাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের হাসপাতালের কোনো গাফিলতি
নেই ।”

