পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: শুভেন্দুর পাল্টা সভা করে বিজেপিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলো তৃণমূল। যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ এদিন শুভেন্দুকে আক্রমণ করে বলেন, উনি এতদিন বিজেপিতে থেকেও নেতা তৈরি করতে পারেননি এবং বিজেপির কেউ নেতা হোক সেটা উনি চাননি। বিজেপির ওটা জনসভা হয়নি। তৃণমূলের জেলা নেতৃত্বরা এরকম সভা করতে পারে প্রচুর।

এছাড়াও তিনি শুভেন্দুর “নো ভোট টু মমতা” গেঞ্জি পরাকে কটাক্ষ করে বলেন, ওটা শুভেন্দুর চুরি করা স্লোগান। ২০২১ -এর বিধানসভা ভোটের আগে সুশীল সমাজ নো ভোট টু বিজেপি ক্যাম্পেন শুরু করেছিল। সেই ক্যাম্পেইন থেকে স্লোগান চুরি করে এখন এই কাজ করছেন। উনার নিজস্ব কোনো সত্ত্বা নেই। সায়নী বলেন, বিজেপি বহিরাগত এনে বাংলার কৃষ্টি কালচার নষ্ট করতে চলেছে। রাম নবমীর বা হনুমান জয়ন্তীর বিসর্জনীতে এরকম অস্ত্র হাতে মিছিল বাংলার সমাজ আগে কখনো দেখেনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুব সভানেত্রী সায়নী ঘোষ, মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অজিত মাইতি, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ জেলা ও ব্লক স্তরের তৃণমূল নেতারা।
শ্রীকান্ত মাহাতোকে এদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে দেখা যায়। তিনি বলেন, বিজেপিতে চোরের থেকেও বড় ডাকাতরা আছে।

