“ভরসা নেই কোনো, যতদিন বাইরে আছেন ততদিন সভা করুন,” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ৭ মার্চ: যতদিন বাইরে আছেন যত খুশি সভা করুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক সম্মেলন থেকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ডায়মন্ড হারবারের সাংসদকে আসন্ন পরিস্থিতি নিয়ে সাবধান করতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বালুরঘাটের সাংসদ, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এর আগে অনুব্রতর গ্রেফতারি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি যে ভবিষ্যতবাণী করেছিলেন সেটা একরকম অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। তৃণমূলের সাধারণ সম্পাদককেও এর আগে বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু সুকান্তর আজকের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বড়সড় জল্পনা। কোন ইঙ্গিত দিতে চাইলেন সুকান্ত?

আজ সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদারকে সাংবাদিকরা প্রশ্ন করেন, যে সব এলাকায় রাজ্যের শাসক দল দুর্বল সেখানে সেখানে সভা করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? এর জবাবে সুকান্ত বলেছেন, “ভালো কথা তো, যত খুশি সভা করুন। আমি তো বলবো, অন্যান্য রাজ্যে সভা করুন। যতদিন বাইরে থাকেন ততদিন সভা করে নিন। কতদিন থাকবেন তার ভয়ও নেই ভরসাও নেই।”

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে ইতিমধ্যেই কয়লাপাচার কাণ্ডে হাজিরা দিতে হয়েছে অভিষেককে একাধিক বার। জেরার মুখ থেকে বাদ পড়েনি অভিষেকের স্ত্রীও। নানা টালবাহানার পর রুজিরাকেও ইডি দপ্তরে হাজিরা দিতে হয়েছে। নাম জড়িয়েছে তার শালিকারও। ইডির দপ্তরের ডাক পড়েছে অভিষেকের সংস্থার অন্যতম ডিরেক্টর তথা কালীঘাটের কাকু হিসেবে পরিচিত কৃষ্ণ ভদ্রের। তারই মধ্যে সুকান্ত মজুমদারের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। কারণ দুদিন আগেই মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধীদের হেনস্থা করার অভিযোগে ১৪টি বিরোধী দলের করা মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মোদীও সিবিআইকে স্বাধীন ভাবে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সুকান্ত মজুমদারের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *