আমাদের ভারত, ১৪ জানুয়ারি: মকর সংক্রান্তির সকালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি মুখ্যমন্ত্রী ধর্মীয় পরিচয়ের রাজনীতির
অশোভন প্রর্দশন করছেন। দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী যে বিভেদ করেন তা রাজ্য সরকারের বিজ্ঞাপন থেকেই স্পষ্ট বলে দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক।
সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের তিনটি বিজ্ঞাপনের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “এই বিজ্ঞাপন গুলোর মধ্যে দিয়ে ধর্মীয় পরিচয়ের রাজনীতির অশোভন প্রদর্শন পাওয়া যাচ্ছে। নীচের বিজ্ঞাপন গুলো ভালো করে দেখুন সবকটি বিজ্ঞাপন রাজ্য সরকারের বিজ্ঞাপন। কিন্তু বিজ্ঞাপন গুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথায় রয়েছে? খেয়াল করুন, গঙ্গাসাগর মেলার বিজ্ঞাপন থেকে সচেতনভাবে বিচ্ছিন্ন রয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের খুশি করতে তাদের উৎসবে বিজ্ঞাপনে মুখ দিয়ে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বৈপরীত্য কি চক্ষুশূল নয়?”
আজ পৌষ সংক্রান্তি আর এই সময়ে গঙ্গাসাগরে পুণ্য অর্জনের জন্য উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। করোনা আবহে রাজ্য সরকারের কথায় সায় দিয়ে আদালতের মেলার ছাড়পত্র দিয়েছে। কিন্তু তবু এই মেলা নিয়ে নানা তর্ক-বিতর্ক লেগেই রয়েছে। এমনকি রাজ্যের শাসক দলের মধ্যেই মেলা নিয়ে নানা মতপার্থক্য তৈরি হয়েছে, যেটা নিয়ে বেশ কিছুটা চাপে রয়েছে শাসক দল।
আর এসবের মধ্যে মুখ্যমন্ত্রীকে আবারও সাম্প্রদায়িকতার ইস্যুতে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

