সাথী দাস, পুরুলিয়া, ১৪ জানুয়ারি: মকর পরব উপলক্ষ্যে পুরুলিয়া জেলাজুড়ে অঘোষিত বনধ পালিত হয়ে গেল।এই খুশির বনধকে স্বতস্ফূর্তভাবে সমর্থন করলেন আপামর পুরুলিয়াবাসী। লোক গবেষকদের মতে আবেগপ্রবণ পুরুলিয়ার অধিকাংশ মানুষ এটাকেই বড় উৎসব হিসেবে মেনে আসছে। কোভিড পরিস্থিতিতেও উৎসবের আমেজ ধরে রাখতে কাজে শিথিলতা আর অলসতার উপায় খুঁজে পেয়েছেন পৌষ পরবে।
এদিন পুরুলিয়া জেলায় বেসরকারি বাস চলাচল খুব একটা করেনি। দোকান বাজার ছিল বন্ধ।পুরুলিয়া জেলা সদরে চিত্রটা আরও বেশি পরিষ্কার ছিল এদিন।কর্মচারীরা এদিন কাজে না আসায় স্বাভাবিকভাবেই মালিক কর্তৃপক্ষকে দোকান বন্ধ রাখতে হয়। বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে কাজকর্ম প্রায় বন্ধ থাকে এদিন। জেলা সদরে উৎসব প্রিয় গ্রামের মানুষ না আসায় শুনশান হয়ে যায় বাস স্ট্যান্ড। ছোট গাড়িও হাতে গোনা কয়েকটি চলে রাস্তায়। এদিন রেল চলাচল এমনিতেই কম চলছে যে কটা ট্রেন চলছে তাতে যাত্রী সংখ্যা ছিল অন্যদিনের তুলনায় অনেক কম।

সকাল থেকেই টুসু বিসর্জন এবং পুণ্য স্নান করতে জেলার বিভিন্ন জলাশয়গুলির দিকে রওনা দেন। মকর সংক্রান্তির দিন যথাযথভাবে উৎসব মুখর মানুষ স্নান সারলেন জেলার নদী, জোড় এবং বড় বড় জলাশয়গুলিতে। রঙীন চৌডল জলে বিসর্জনের পর যেন ফ্যাকাশে হয়ে বিবর্ণ হয়ে গেল।

