ফুঁসছে সুবর্ণরেখা, প্লাবিত হওয়ার আশঙ্কা গোপীবল্লভপুরের বিস্তীর্ণ এলাকা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ সেপ্টেম্বর:
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ঝাড়গ্ৰাম জেলা যখন জল থৈইথৈই অবস্থা তখন এলাকার সাধারণ মানুষ এবং প্রশাসনের চিন্তা বাড়াল ঝাড়খন্ডের গালুডি ব্যারেজ। কারণ গালুডি ব্যারেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কয়েক দফায় সুবর্ণরেখা নদীতে ২ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছেড়েছে।

টানা বৃষ্টির এমনিতেই সুবর্ণরেখা নদীর জল অনেকটাই বাড়া ছিল তারওপর গালুডি ব্যারেজ কর্তৃপক্ষের এই জল ছাড়ার ফলে নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা করছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন। নদী তীরবর্তী এলাকার গ্রাম এবং চাষের জমি সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত হওয়ার ভয় করছেন গোপীবল্লভপুর এলাকার বাসিন্দারা। অপরদিকে গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে এদিন সকাল থেকে তৎপর হয়ে উঠেছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন।

ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। নদীতে মৎসজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু এলাকার উপর নজর রাখছেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের কর্মীরা। নদীর এই জলস্ফিতি সরেজমিনে খতিয়ে দেখতে এদিন সুবর্ণরেখা নদী তীরবর্তী কয়েকটি গ্রাম পর্যবেক্ষণ করেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র। বিডিও দেবজ্যোতি পাত্র জানান, “গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে যে কোনও ধরনের বিপর্যয় এড়ানো যায় তার জন্য ব্লক প্রশাসনও সব সময় সজাগ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত রাখা হয়েছে প্রতি এলাকায়। তবে এখনো ভয়ের কিছু নেই, কারণ নদীর জল বিপদসীমার অনেকটাই নীচ দিয়ে বইছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *