আমাদের ভারত, হাওড়া, ১৬ সেপ্টেম্বর: বিধানসভা নির্বাচনের আগে হাওড়া গ্রামীণ জেলায় যোগদানের মেলা করেছিল বিজেপি। সেই সময় তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে একাধিক নেতা কর্মী যোগ দিয়েছিল। যদিও বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় হারের পরেই এইসব কর্মীদের পাশাপাশি একাধিক বিজেপি নেতা কর্মী দলত্যাগের ইচ্ছা প্রকাশ করে। সেইমত উদয়নারায়ণপুরেও দলত্যাগী তৃণমূল নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। আর এইসব নেতা কর্মীদের দলে নেওয়ার জন্য বৃহস্পতিবার উদয়নারায়ণপুরের কানপুর অঞ্চলে তৃণমূলের যোগদান মেলা অনুষ্ঠিত হল।
কানপুরের ঘোড়াদহ বাসষ্ট্যান্ডে আয়োজিত এক সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২ হাজার নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক সীমান্ত ঘোষ।
এদিন বিধায়ক সমীর পাঁজা জানান, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পালে হাওয়া তুলতে উদয়নারায়ণপুরের অনেক তৃণমূল নেতা কর্মী বিজেপিতে নাম লিখিয়েছিল। যদিও নির্বাচনের পর তাদের মোহভঙ্গ হয়ে যাওয়ায় তারা আবার দলে ফিরে এসেছে। অন্যদিকে সিপিএম কর্মীরাও বিজেপিকে ভোট দিয়ে যে ভুল করেছিল তার প্রায়শ্চিত্ত করা ছাড়াও দলীয় নেতৃত্বের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপি নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছে।

