আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ জানুয়ারি: দাসপুরে স্বর্ণ ব্যবসায়ী অপহরণের ঘটনায় সাসপেন্ড করা হল পাঁশকুড়া থানার এক সাব ইন্সপেক্টরকে। রাতভর জিজ্ঞাসাবাদ করা হল পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের নেতাকে।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার দাসপুরের একজন সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে পাঁশকুড়া থানার এসআই প্রবীর সাহাকে সাসপেন্ড করেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার। এবং এই ঘটনার তদন্তের জন্য পাঁশকুড়ার এক তৃণমূল কংগ্রেসের নেতাকে সারারাত থানায় রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনাস্থলে আসেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম হাসান। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ওই তৃণমূল নেতাকে ছেড়ে দেয় পুলিশ।
স্বর্ণ ব্যবসায়ী বিমল কর্মকার নামে এক ব্যক্তি বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। বেশ কয়েক মাস ধরে ওই স্বর্ণ ব্যবসায়ী তাদের টাকা ফেরত দিচ্ছিল না, সেই কারণে গতকাল টাকা প্রাপক স্বর্ণ ব্যবসায়ীরা বিমল কর্মকার নামে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে। সেই অভিযোগে টাকা প্রাপক স্বর্ণ ব্যবসায়ীদের আটক করে পাঁশকুড়া থানার পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক সুজিত রায়ের যোগ রয়েছে সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে। তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পাঁশকুড়া থানার পুলিশ।
যদিও পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে সোনা চুরি মামলায় ভারতী ঘোষের সঙ্গে যুক্ত ছিলেন ওই বিমল কর্মকার নামে স্বর্ণ ব্যবসায়ী। এখন তদন্ত কতদূর গড়ায় সেই দিকে তাকিয়ে সবাই।

