দলীয় সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১৩ জানুয়ারি: নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের দলের সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পেছনে নন্দীগ্রাম ১ নং ব্লক সভাপতি স্বদেশ দাস ও সেখ সুফিয়ানকেই দায়ী করছেন আবু তাহের। তিনি বলেন, নিজেরদের দোষ ঢাকতে অন্যের উপর দোষ চাপাচ্ছে এই দুজন। এছাড়া তাহের বলেন, কাটমানির টাকা নিয়ে ব্লক সভাপতি কোটি টাকার বাড়ি করেছে। আগামী পঞ্চায়েত ভোটের আগে এই স্বদেশ দাসই বিজেপিতে চলে যাবে।

বৃহস্পতিবার নন্দীগ্রামের দাউদপুর অঞ্চলে দলীয় সম্মেলনের প্রস্তুতি মিটিংয়ে যোগ দিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের। এই মন্তব্যর উত্তরে ব্লক সভাপতি স্বদেশ দাস বলেন, রাজ্য নেতৃত্ব জানেন কার জন্য কি হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রচারে একদিনও উনাকে দেখা যায়নি। এই মন্তব্য নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন ব্যানার্জি বলেন, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। পঞ্চায়েত ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *