দোষীদের শাস্তি না দিলে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি আরামবাগের টোটো চালকদের

আমাদের ভারত, আরামবাগ, ১৩ জানুয়ারি: দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পাশাপাশি পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি না দিলে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুমকি আরামবাগের টোটো চালকদের।

গতকাল আরামবাগ মহকুমা আদালতের এক বিচারকের দেহরক্ষী ও গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিচারকের গাড়ি যাওয়ার সময় তাকে এক টোটো চালক পাশ না দেওয়ায় সেই টোটো চালককে মারধরের। এরই প্রতিবাদে সকালের দিকে পথ অবরোধ করলেও পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। তবে এদিন রাতে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা না নিলে তারা গভীর রাতে আরামবাগ হসপিটাল রোডে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রেখে প্রতিবাদ করতে থাকে। তারা শ্লোগান তোলে আরামবাগ পুলিশ হায় হায়। খবর পেয়ে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে।

ঘটনায় লক্ষ্মী মন্ডল নামে এক টোটো চালককে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। এই টোটো চালককে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় আরামবাগ থানায় আহত টোটো চালকের স্ত্রী অভিযুক্ত বিচারকের চালক ও দেহরক্ষীকে বিরুদ্ধে মারধর করার একটি অভিযোগ দায়ের করে। পাশাপাশি বিচারকের দেহরক্ষী ও চালক আহত টোটো চালকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে আরামবাগ থানায়। তবে ঘটনায় বৃহস্পতিবার আরামবাগ শহরজুড়ে বেশির ভাগ টোটো বন্ধ রেখেছে টোটো চালকরা।

আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল এ বিষয়ে জানান, দু’পক্ষরই বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *