TMC, Bankura, তৃণমূল সাংসদ ঘনিষ্ঠ প্রভাবশালী ছাত্রনেতা গ্রেফতার বাঁকুড়ায়

ছবিঃ- (তৎকালীন বাঁকুড়ার আই সি র সাথে অভিযুক্ত সুরজ)
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ মে: শিক্ষক নেতাকে প্রকাশ্য রাজপথে মারধর, রাজগ্রামে ডাকাতি সহ বিভিন্ন বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল সাংসদ ঘনিষ্ঠ ছাত্র নেতা সুরজ বক্স’কে গ্রেফতার করলো বাঁকুড়া সদর থানার পুলিশ। গতকাল রাতে শহরের স্কুল ডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এই ছাত্রনেতা বাঁকুড়া সদর থানার আধিকারিকের খুব ঘনিষ্ঠ ছিল বলে শহর জুড়ে গুঞ্জন। ইতিমধ্যেই ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে জেলার বিভিন্ন অপরাধে জড়িত থাকা চার তৃণমূল নেতা এ পর্যন্ত গ্রেপ্তার হয়। সোমবার আনুমানিক রাত ১১টা নাগাদ তল্লাশি অভিযান চালিয়ে বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকা থেকে তৃণমূল ছাত্রনেতা সুরজ বক্সকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। সুরজ বক্সের নামে নির্বাচনের ঠিক আগে সংগ্রামী যৌথ মঞ্চের এক শিক্ষক নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। সে প্রভাবশালী হওয়ায় ছাড়া পেয়ে যায়। তার বিরুদ্ধে গত ১৩ মে ২০২৫ বাঁকুড়া শহর সংলগ্ন রাজগ্রামে ডাকাতির একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ডাকাতি সহ অন্যান্য মামলায় সুরজ বক্সকে পুলিশ গ্রেপ্তার করে। আজ সুরজকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, পুলিশের পক্ষ থেকে ১০দিন হেফাজত চাওয়া হয়েছিল। অন্যদিকে, ধৃত ছাত্রনেতা সুরজ বক্সের বক্তব্য, তাকে ও এমনকি তার পরিবারের সদস্যদের এই গ্রেপ্তারের কোনো কারণ জানানো হয়নি। তবে সুরজ বক্সের আইনজীবীর বক্তব্য, রাজগ্রামের ডাকাতির ঘটনায় তাকে আটক করা হয়েছে। তবে এটা মিথ্যা মামলায় একজন ছাত্রনেতাকে ফাঁসানো হয়েছে। আগামী ২৩ মে
বিষয়টি ফের আদালতে উঠবে।

এই ছাত্রনেতা গ্রেপ্তারের আগে সাংসদ ঘনিষ্ঠ তৃণমূল শ্রমিক নেতা শ্যামসুন্দর দত্তকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে বাঁকুড়ার সদর থানার পুলিশ। গত শুক্রবার তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়।

বাঁকুড়া শহরের লালবাজারের হিন্দুস্কুল মাঠ এলাকায় গত ১৫ এপ্রিল ২০২৬ নির্বাচনের মুখে এক ব্যক্তির ওপর হামলা ও প্রাণে মারার চেষ্টা চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গত বৃহস্পতিবারই পাত্রসায়েরে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল পাত্রসায়র থানার পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে মিলন কড়ি ও সাজাহান মিদ্যা। ধৃত দু’জনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে খবর। বিজেপির সদ্ভাবনা যাত্রায় হামলা চালানো এবং বোমা ও অস্ত্র মজুত রাখার অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *