কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর ধরে স্কুল-কলেজ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তার পরেও মার্কশিট নিতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। অন্যান্য কলেজে যেখানে বিনা পয়সায় মার্কশিট দেওয়া হচ্ছে সেখানে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে মার্কশিট দেওয়ার সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ২০০০ টাকা করে চাওয়া হচ্ছে এরকমই অভিযোগ তুলে ঘাটাল কলেজের সামনে ঘাটাল পাঁশকুড়া সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা।

তাদের দাবি, বাড়ি থেকেই তারা পরীক্ষা দিয়েছে। এমনকি তাদের ক্লাস নেওয়া হয়নি কিন্তু তারপরেও যখন কলেজে তারা মার্কশিট নিতে এসেছে তখন তাদের থেকে ২০০০ টাকা করে চাওয়া হচ্ছে। ঘাটাল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এ বিষয়ে ঘাটাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনেই প্রতিটি ছাত্রছাত্রীকেই মূল ফি থেকে ৪০শতাংশ কমানো হয়েছে অর্থাৎ ভর্তি ফি ও পরীক্ষা ফি বাবদ ছাত্র-ছাত্রীদের ফি দাঁড়িয়েছিল ৫৭৭০ টাকা। সেই জায়গায় কলেজ থেকে ৩০৭০ টাকা নেওয়া হয়েছিল ছাত্র-ছাত্রীদের থেকে। সেই সময় অনেক ছাত্র-ছাত্রী ২০৭০টাকা জমা দেয় এবং ১০০০টাকা বাকি থাকে। মার্কসিট নেবার সময় এখন সেই টাকা চাওয়া হলে তারা বিক্ষোভ দেখায়।

