জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: এবার নেশা করার প্রতিবাদ করায় ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভার ৩৩ নং ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকার। মৃত দাদার নাম- জি. নভজিৎ রাও। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম- জি. সুমিত রাও। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল নাগাদ।

ঘটনা সম্পর্কে মৃত ব্যক্তির মেজ ভাই জি. সুমন রাও জানিয়েছেন, “আমাদের ছোট ভাই সবসময় গাঁজার নেশা করত। এর আগেও ওকে নিয়ে অশান্তি হয়েছে। বাড়িতে ওকে খুঁজতে পুলিশ পর্যন্ত এসেছে। কিন্তু ও শুধরায়নি। রবিবার দুপুরেও বাড়ির ভেতরে বন্ধু-বান্ধবদের নিয়ে নেশা করছিল। আমি আর আমার দাদা তার প্রতিবাদ করি। বন্ধু-বান্ধবদের বাড়ি থেকে তাড়িয়ে দিই। সেই রাগেই ফুঁসছিল ও। বলছিল আমি আসছি, তোদের দেখে নেব। এর কিছুক্ষণ পর ও ফিরে আসে। তারপর বাড়ি থেকে মোটর বাইক বের করে। সেই সময় আমার দাদা বাড়ির উঠোনে বসে বসে মুরগিকে খাওয়ার খাওয়াচ্ছিল। ও ওই টুকুর মধ্যেই বাইকের তীব্র গতিবেগ বাড়িয়ে দাদার পেছনে ধাক্কা মারে। দাদা ছিটকে গিয়ে পাকা রাস্তার উপর পড়ে। মাথায় আঘাত লাগে। কান দিয়ে রক্ত বেরিয়ে যায়!”
এরপর প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নভজিৎ-কে। সেখান থেকে সন্ধ্যা নাগাদ স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে রাত ৮ টা নাগাদ বছর ৪০ এর নভজিৎ রাওয়ের মৃত্যু হয়। পুলিশ সুমিতকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

