CPM, Narayangarh, নারায়ণগড়ে শেষ রবিবাসরীয় প্রচারে বাম শিবিরে জোরদার তৎপরতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল: ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে জোরকদমে মাঠে নামল বাম শিবির। ২২৫ নম্বর নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তাপস সিনহার সমর্থনে এদিন বিকেলে প্রচারে অংশ নেন দলের প্রাক্তন পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লা।

সকাল থেকেই ব্যাপক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রার্থী তাপস সিনহা। এলাকাজুড়ে একাধিক জনসংযোগ ও প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোটারদের কাছে নিজের বার্তা তুলে ধরেন। এদিন তিনি বলেন, “এই বিধানসভায় বিজেপি ও তৃণমূলের আলাদা কোনও লড়াই নেই, আসলে এটি প্রাক্তন তৃণমূল ও বর্তমান তৃণমূলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। কারণ বিজেপির প্রার্থী পাঁচ বছর আগেও তৃণমূলে ছিলেন, আর এখন বিজেপির হয়ে লড়ছেন।”

তিনি আরও দাবি করেন, নারায়ণগড়ের সার্বিক উন্নয়নের জন্য বাম প্রার্থীকেই মানুষ সমর্থন করবেন। তাঁর কথায়, “হাসপাতাল, রাস্তা সহ একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করতে হলে মানুষ বামপন্থীদেরই সুযোগ দেবেন বলে আমরা আশাবাদী।”

বিকেলে হান্নান মোল্লার উপস্থিতিতে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। নারায়ণগড়ের পথসাথী এলাকা থেকে শুরু হয়ে নারায়ণগড় বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। শ্লোগান ও প্রচার গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

ভোটের আগে শেষ মুহূর্তের এই প্রচার কর্মসূচি বাম শিবিরের আত্মবিশ্বাসকে আরও জোরদার করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *