পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভায় নির্বাচনী প্রচারে শেষ রবিবারে রাজনৈতিক উত্তাপ পৌঁছলো চরমে। একদিকে যেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে বেলদাতে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে সেই একই দিনে প্রচারে কোনও খামতি রাখলেন না তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা রানী মাইতি।
রবিবার সকাল থেকেই তৃণমূল প্রার্থীর কর্মসূচি শুরু হয় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে। নারায়ণগড়ের নারমা অঞ্চলের শিব- শীতলা মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন তিনি। এরপর এক নম্বর মকরামপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং নিজের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা চালান।

প্রচারের ফাঁকে প্রতিভা রানী মাইতি আত্মবিশ্বাসের সুরে জানান, “যত বড় নেতাই আসুন না কেন, এই এলাকার মানুষ উন্নয়নের পক্ষে। দিদির কাজই এখানে মূল ভরসা, আর সেই উন্নয়নের ভিত্তিতেই মানুষ আবার তৃণমূলকেই জেতাবে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি মূলত রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প এবং মমতা ব্যানার্জির নেতৃত্বকে সামনে রেখে ভোটের লড়াইয়ে এগোতে চাইছেন।
একই দিনে দুই শিবিরের এই জোরদার প্রচার কার্যত নারায়ণগড়ে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলেছে। শেষ মুহূর্তের এই প্রচার যুদ্ধ যে ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।

