আমাদের ভারত, ২০ এপ্রিল: যারা এখন লক্ষ্মীর ভান্ডার বা যুব সাথী পাচ্ছেন, বিজেপি ক্ষমতায় এলে তারাই কি তিন হাজার টাকা করে পাবেন? নাকি নতুন করে এই সুবিধা প্রাপকদের তালিকা তৈরি হবে? নির্বাচনী প্রচারের মধ্যে সাংবাদিক সম্মেলনে কী জানালেন স্মৃতি ইরানি?
ক্ষমতায় এলে দেড় হাজার টাকার ভাতাকে তিন হাজার করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। প্রতিশ্রুতিকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা শুরু হয়েছে। কিন্তু বর্তমান সুবিধার প্রাপকদের প্রত্যেকে সেই ৩০০০ টাকা ভাতার তালিকায় ঠাঁই পাবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সোমবার সেই জল্পনার উত্তর দিলেন। লক্ষ্মীর ভান্ডার বা যুব সাথী প্রাপকদের বর্তমান তালিকা সম্পর্কে কোনো মন্তব্য তিনি করলেন না। কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়লে এই ধরনের ভাতা কাদের জন্য নিশ্চিত করা হবে তা স্পষ্ট করলেন তিনি।
মহিলা সংরক্ষণ তথা সংবিধান সংশোধন ২ লোকসভায় পাস না হওয়া নিয়ে বিরোধী শিবিরকে বিজেপি লাগাতার আক্রমণ শানিয়েছে। শনিবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমপি, এবং তৃণমূলকে তুলোধনা করেন। রবিবার কলকাতায় এসে একই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। সোমবার একই বক্তব্য রাখেন স্মৃতি ইরানিও। ভোটে পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে মহিলা বিরোধী বলে আক্রমণ করেন স্মৃতি ইরানি। তিনি বলেন, ২০২৩ সালে যে নারীশক্তি বন্ধন অধিনিয়ম বিল পাস হয়েছিল তাতেই ২০২৬ সালে আসন পুনর্বিন্যাসের কথা উল্লেখিত ছিল মহিলাদের জন্য সংরক্ষণের পূর্ব শর্ত হিসেবে। তখন তৃণমূল এই বিলকে সমর্থন করেছিল, কিন্তু এবার সমর্থন করল না।
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মহিলা এবং বেকার যুবক-যুবতীদের জন্য যে ভাতার প্রতিশ্রুতি দলের সংকল্প পত্রে ঘোষণা করা হয়েছে, সেই প্রসঙ্গেও স্মৃতি ইরানি বলেন, আমরা নিশ্চিত করব প্রত্যেক পরিবার, প্রত্যেক মহিলা যাতে বিধিবদ্ধ আর্থিক সুবিধা পান। তবে তিন হাজার টাকার ভাতা ছাড়া আর কোন কোন আর্থিক সুবিধার প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে স্মৃতি তাও মনে করিয়ে দেন। তিনি বলেন, আমরা মহিলাদের জন্য শুধুমাত্র ভাতা ঘোষণা করিনি। সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছি। স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য মেয়েদের ৫০ হাজার টাকার এককালীন আর্থিক সহায়তা ঘোষণা করেছি। গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা এবং ছয়টি পুষ্টি কিট দেওয়ার কথা ঘোষণা করেছি।
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়া প্রসঙ্গে তৃণমূলকে সোমবার আক্রমণ করে স্মৃতি ইরানি বলেন, আমরা অবাক হয়ে গিয়েছি যে তৃণমূলের মহিলা নেত্রী তৃণমূল সাংসদদের নির্দেশ দিয়েছেন এই বিল যেন পাস না হয়। তাঁর কথায়, এই ধোকা শুধু দেশের মহিলাদের দেওয়া হয়েছে এমন নয়, পশ্চিমবঙ্গের মানুষকেও ধোকা দেওয়া হয়েছে। আসন পুনর্বিন্যাসের ফলে পশ্চিমবঙ্গের লোকসভার আসন বাড়লে কেন্দ্রীয় কোষাগার থেকে বেশি বরাদ্দ পশ্চিমবঙ্গ পেত। পাশাপাশি মহিলাদের প্রতিনিধিত্ব সংসদে বাড়তো। তাঁর কথায়, তৃণমূলের এই ধোকা পশ্চিমবঙ্গ এবং গোটা দেশের মহিলারা মনে রাখবে।

