Administration, Bankura, ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া প্রশাসন, বাঁকুড়ায় গ্রেপ্তার ৬০

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ মে: জেলা জুড়ে বিরাট সাফল্যে গেরুয়া আবির নিয়ে উল্লাসে মেতে উঠেছে বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা। বিজয় মিছিলও হচ্ছে জেলাজুড়ে। অন্যদিকে জেলার বিভিন্ন জায়গা থেকে অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠতে শুরু করেছে। এই আবহে জেলাশাসক, পুলিশ সুপার এবং সিআরপিএফ- এর জেলা কোঅর্ডিনেটর সাংবাদিক বৈঠক করে সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আবেদন জানান।

এই বৈঠকে জেলাশাসক অনীশ দাশগুপ্ত স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ভোট পরবর্তী হিংসা কোনভাবেই বরদাস্ত করা হবে না। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে তিনি বলেন যে, জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, এখনও পর্যন্ত জেলায় বড় ধরণের কোনো হিংসাত্মক ঘটনার খবর নেই। বিক্ষিপ্ত ভাবে যে দু’একটি ঘটনার খবর পাওয়া গিয়েছিল সেখানে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।ইতিমধ্যে ৬০ জনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিআরপিএফ- এর জেলা কোঅর্ডিনেটর সুধাংশু কুমার।

অন্যদিকে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, চন্দনা বাউরি ও দিবাকর ঘরামি সহ বিজেপি বিধায়করা শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে দলীয় কর্মী ও সমর্থকদের নির্দেশ দেন। তাঁদের বক্তব্য, কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। আইন- শৃঙ্খলা ভাঙ্গলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *