আমাদের ভারত, ১৩ মে: রাজ্য সরকার পরিবর্তনের পর এবার প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেসব আধিকারিকদের দুর্নীতি তদন্তের ফাইল বছরের পর বছর আটকে রেখেছিলেন তা থেকে আইনি জট সরিয়ে নিয়েছেন তিনি। শিক্ষা, পৌরসভা, সমবায়, তিন দপ্তরের অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে এখন থেকে চার্জশিট পেশ বা পূর্ণাঙ্গ তদন্ত চালাতে আর কোনো বাধা রইল না সিবিআই’য়ের।
প্রশাসনের নিয়ম অনুযায়ী কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুমতি দেওয়া আটকে রেখেছিলেন, ফলে দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও অনেক অফিসারের বিরুদ্ধে সিবিআই আইনি পদক্ষেপ করতে পারছিল না।
শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ও দুর্নীতির প্রশ্নে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না।
চারটি মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। অর্ডারের কপিও ইতিমধ্যে সিবিআই- এর হাতে পৌঁছে গিয়েছে। শিক্ষা দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি এবং সমবায় দপ্তরের একাধিক অনিয়মের ঘটনায় অভিযুক্ত অফিসাররা এবার সরকারি কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে পড়বেন।
দায়িত্ব নেওয়ার প্রথম ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের ছাড়পত্র দিলেন, তাতে স্পষ্ট যে দুর্নীতির শিকড় উপরে ফেলতে বদ্ধপরিকর তিনি। অনেকেই মনে করছেন, এর ফলে আগামী দিনে অনেক প্রভাবশালী আমলা ও আধিকারিক অস্বস্তিতে পড়তে চলেছেন।

