আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৩ মে: হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে নিরাপত্তারক্ষীর সুপার ভাইজার এবং প্রিন্সিপালকে ধমক দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা। ঠাণ্ডা ঘরে বসে না থেকে হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতার উপর নজর দেওয়ার নির্দেশ দেন বিজেপি বিধায়ক।

বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্রে এবার ডেপুটি স্পিকার তৃণমূলের আশিস বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হন বিজেপির ধ্রুব সাহা। মঙ্গলবার কলকাতা থেকে ফিরে বুধবার দুপুরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ধ্রুব সাহা। সঙ্গে ছিলেন দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে, জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল। প্রথমে এমএসভিপি, প্রিন্সিপাল সহ কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এরপর সকলকে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কথা বলেন রোগী ও তাদের আত্মীয়দের সঙ্গে। স্বাস্থ্য কেন্দ্রের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে মেজাজ হারান বিধায়ক ধ্রুব সাহা। ক্ষোভ প্রকাশ করেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে। হাসপাতালের যত্রতত্র মাকড়সার ঝুল, বাথরুমের জল উপচে পড়ছে বিভিন্ন বিভাগের রাস্তায়। স্বাস্থ্য কেন্দ্রের কেন অস্বাস্থ্যকর অবস্থা সেটা জানতে চান ধ্রুববাবু। অবিলম্বে হাসপাতাল পরিস্কারের নির্দেশ দেন তিনি।

ধ্রুব সাহা বলেন, “স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা অস্বাস্থ্যকর। হাসপাতালের দায়িত্বে যারা রয়েছেন তারা কেউ নিজেদের দায়িত্ব পালন করেন না। হাসপাতালে সিণ্ডিকেট রাজ চলছে। সাফাই কর্মীরা কয়েকমাস ধরে বেতন পাচ্ছেন না। সাতদিন পর ফের হাসপাতাল পরিদর্শন করব। তারপরও অস্বাস্থ্যকর পরিবেশ দেখলে সরকারের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ জানাব।”

হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের কথা স্বীকার করে নেন্ন প্রিন্সিপাল করবী বড়াল। তিনি বলেন, “অনেকদিন পর যৌথভাবে পরিদর্শন করা হল। আমাদের পরিস্কার পরিচ্ছনতার উপর আরও জোর দিতে হবে। আশা করছি আমরা সকলে মিলে এসব দিকে নজর দেবো।”


