স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ নভেম্বর: এক চা ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ চাপাতা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। জানা গিয়েছে, সোমবার রাতে এলাকায় থাকা দিনাজপুর এগ্রো ফুড ফ্যাক্টরিতে তালা ভেঙ্গে ঢেকে দুষ্কৃতিরা। ঘটনায় জড়িত রয়েছে ফ্যাক্টরির নিরাপত্তারক্ষীও। ফ্যাক্টরিতে থাকা সিসিটিভি ঢেকে নিরাপত্তারক্ষীর মদতে বিপুল পরিমাণ চা পাতা নিয়ে চলে যায় দুষ্কৃতিরা। প্রায় ১২ টন চা পাতা দুষ্কৃতিরা নিয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সকালে ফ্যাক্টরিতে এসে চুরির বিষয়টি টের পান তারা। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। ফ্যাক্টরির বাইরে থেকে উদ্ধার হয় বেশ কয়েকজোড়া জুতো এবং দুষ্কৃতিদের ফেলে যাওয়া দেড় টন চা পাতা। গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজ সহ নিরাপত্তারক্ষীর নামে চোপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ফ্যাক্টরি কর্তৃপক্ষের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


