স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ নভেম্বর: রায়গঞ্জে গৃহবধূ সুপ্রিয়া দত্ত খুনের মূল অভিযুক্ত গ্রেপ্তার। কোচবিহারের ফালাকাটার বাবুপাড়ার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোপন সূত্রে জানা গেছে। ধৃতের নাম প্রবাল সরকার। বাড়ি কোচবিহারের চ্যাংড়াবান্ধা এলাকায়। কর্মসূত্রে তিনি জলপাইগুড়িতে থাকতেন। বৃহস্পতিবার ধৃতকে তোলা হবে রায়গঞ্জ জেলা আদালতে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর শুক্রবার রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকায় দেবাশিষ দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্তকে নিশৃংসভাবে খুন করা হয়। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে এই খুন বলে উত্তর দিনাজপুর জেলার পুলিশ জানতে পারে। এই খুনের ঘটনায় কোচবিহার জেলার চ্যাংরাবান্দা এলাকার বাসিন্দা প্রবাল সরকার নামের এক যুবক যুক্ত বলে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে। সেই তথ্যকে হাতিয়ার করে প্রবালের পিছু ধাওয়া করে উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ দল। উত্তর দিনাজপুর জেলা পুলিশ জানতে পারে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি হোটেলে গা ঢাকা দিয়ে আছে প্রবাল। ফালাকাটা থানার পুলিশ এবং উত্তর দিনাজপুর জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে হোটেল থেকে প্রবালকে গ্রেফতার করে। পুলিশ তার কাছে সুপ্রিয়াদেবী ও তার ছেলের খোয়া যাওয়া মোবাইল দুটি উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সুপ্রিয়াদেবীর মোবাইল উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় খুনের মূল অভিযুক্ত প্রবাল। বুধবার তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে।
এই ব্যাপারে জেলা পুলিশ সুপার মহঃ সানা আখতার জানিয়েছেন, একজনকে ধরা হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে। তার নাম প্রবাল সরকার। তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাকে আগামীকাল রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। কি কারণে এমন ঘটনা সে ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

