কর্তৃপক্ষের বাগান বিক্রির সিদ্ধান্তে চা বাগানের দখল নিল শ্রমিকরা, চাঞ্চল্য চোপড়ার ঝুটিয়া এলাকায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর: মালিক কর্তৃপক্ষ বাগান বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় এবার গোটা চা বাগানের দখল নিল শ্রমিকরাই। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালির ঝুটিয়া এলাকায়৷ এই এলাকার গরিব দুঃস্থ শ্রমিকরা মূলত চা বাগানের উপর নির্ভরশীল। প্রচুর শ্রমিক বিভিন্ন চা বাগানে কর্মরত। দীর্ঘদিন ধরে চা বাগানগুলিতে কাজ করে তারা সংসার প্রতিপালন করে আসছেন কিন্তু আচমকা একটি বাগান বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় তীব্র সমস্যায় পড়েছেন তারা৷ প্রতিবাদে বুধবার ওই চা বাগানের দখল নেন তারা। চা বাগানের মধ্যে লাঠি এবং লাল কাপড়ের নিশান লাগিয়ে গোটা বাগান তাদের কব্জায় করে ফেলেন শ্রমিকরা৷

বাগান শ্রমিক সংগঠনের সম্পাদক ফরজুন আলি জানিয়েছেন, “রাইট্যাক্স ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামে ওই চা বাগানটি বেশ কিছুদিন ধরেই মালিক বিক্রির চক্রান্ত করছে। বিষয়টি ৩ মাস আগে জানতে পারেন তারা৷ নিয়মিত বেতন দিলেও মালিক বাগানে আসা বন্ধ করে দিয়েছে। তাদের না জানিয়েই আচমকা বাগান বিক্রি করে দিলে তাদের সংসার চালাতে সমস্যা হবে। পরিবার নিয়ে কি করে চলবেন তারা তা বুঝতে পারছেন না। প্রায় এক কোটি ২০ লক্ষ টাকায় বাগান বিক্রির হচ্ছে বলে জানা গিয়েছে। তাই অন্যের হাতে আমরা বাগান দেব না। আমরা নিজেরাই এই চা বাগানটি সবাই মিলে কিনে নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকেরই দু বা এক কাঠা করে জমি কেনার মতন ক্ষমতা রয়েছে। সেদিকে বিচার করেই আমরা গোটা বাগান মালিক পক্ষের কাছ থেকে কিনে নেব বলে মালিকপক্ষকে জানিয়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *