স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ জানুয়ারি: প্রমোটিংয়োর জন্য জমি বিক্রি না করায় সেই জমিতে অসামাজিক কাজকর্মের আখড়া গড়ে তুলে দখল করার অপচেষ্টা চালাচ্ছে একদল প্রোমোটার। রীতিমতো মাফিয়া রাজ চালাচ্ছে বলে অভিযোগ। আর এই সমস্ত প্রোমোটারদের মদত দিচ্ছে রাজ্যের শাসক দল, এমনই অভিযোগ উঠল শান্তিপুরের ২১ নম্বর ওয়ার্ডের সূত্রাগড়ে।

এ বিষয়ে জমির মালিক প্রদীপ সাধুখাঁ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ তার জমি জোরপূর্বক দখল করে তৃণমূল পার্টি অফিস করেছে। ২০২১ সালের ২৮ ডিসেম্বর এই বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। এমনকি সেই স্থানে চলছে বিভিন্ন অসামাজিক কাজকর্ম।
তবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে যে তৃণমূলের জমানায় এরকম ঘটনা অনেক জায়গাতেই ঘটছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে দীর্ঘদিন ধরে ওই জায়গায় তৃণমূলের পার্টি অফিস আছে। একইসঙ্গে বলা হয়েছে যে আইন আইনের পথে চলবে। তবে প্রোমোটারদের মদতের বিষয়ে তোলা অভিযোগকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

