স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ আগস্ট: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকে প্রায় দু’ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় রায়পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, পঞ্চায়েত, বিডিওর দফতরের পক্ষ থেকে বিএনপি কর্মীরা যে সার্ভে করেছিল তাতে প্রকৃত উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি, এমনকি রায়পাড়া এলাকার প্রত্যেকটি পরিবার বিপিএল তালিকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে গরিব মানুষদের ঘর দেওয়ার জন্য ইসলামপুর বিডিও অফিসের বি এন পি কর্মীরা এলাকায় সার্ভে করে। কিন্তু ইসলামপুরের মাটিকুন্ডা গ্রামপঞ্চায়েতের রায়পাড়া এলাকার প্রায় প্রতিটি পরিবার বিপিএল ভুক্ত হওয়া সত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে তাঁরা বঞ্চিত হয়েছেন। স্থানীয় বাসিন্দা মহম্মদ খাজুর, মহম্মদ সাজ্জাদ অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পাওয়ার জন্য টাকাও দিয়েছেন তাঁরা অথচ তাঁরা ঘর পেলেন না। কিন্তু যাদের পাকা দালান বাড়ি রয়েছে তাঁদের আরও একটি ঘর দিয়েছে। রায়পাড়া এলাকায় প্রায় সকলেই বিপিএল তালিকাভুক্ত হওয়া সত্বেও তাদের নাম উপভোক্তার তালিকাতে নেই। এই ঘটনার প্রতিবাদ জানাতেই মাটিকুন্ডা-ইসলামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন ক্ষুদ্ধ গ্রামবাসীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর দেওয়া নিয়ে তদন্তের আশ্বাস দিলে ঘন্টা দুয়েক পরে অবরোধ তুলে নেন বাসিন্দারা।

