স্বরূপ দত্ত, আমাদের ভারত, ২১ আগস্ট: এক গৃহবধূকে অপহরণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। শনিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম বিশ্বজিৎ বর্মন। শুক্রবার রাতে রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেফতারের পাশাপাশি ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।

পেশায় পরিযায়ী শ্রমিক রায়গঞ্জ ব্লকের পাঁচভায়া গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর স্বামী প্রভাত বর্মন জানান, তার স্ত্রী গত ২৫ জুলাই ছোট ছেলেকে নিয়ে সোহারই মোড় এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তার স্ত্রীর কাছে কিছু টাকাও ছিল। কিন্তু সেখান থেকেই আচমকা তার স্ত্রী নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে পুলিশ শ্যামপুর মোড়ের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে। ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করেই ওই এলাকা থেকে বিশ্বজিৎকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতের বিরুদ্ধে ২৬৫ আইপিসি ধারায় অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। এর পেছনে অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

