দিনহাটায় নিহত বিজেপি নেতা অমিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, দিলেন চাকরির আশ্বাস

আমাদের ভারত, কোচবিহার, ২১ আগস্ট: শহিদ সম্মান যাত্রায় আজ কোচবিহারের দিনহাটাতে নিহত বিজেপি নেতা অমিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। মৃত বিজেপি কর্মীর নাবালক সন্তানের পড়াশোনার ভার এবং পরিবারের একজনকে চাকরির আশ্বাস দিয়েছেন। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শহিদ হয়েছিলেন অমিত সরকার, তাই দল সব সময় তার পরিবারের পাশে রয়েছে। অমিত সরকারের অনুপস্থিতি তার পরিবার যেন টের না পায় সে ব্যাপারে সব রকম সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন।

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভানেত্রী তথা তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, শীতলকুচি বিধায়ক বরেন চন্দ্র বর্মন সহ অন্যান্য নেতারা। এদিন বিজেপি নেতার পরিবারের সাথে দেখা করার পাশাপাশি দিনহাটার বেশ কয়েকটি মন্দিরে পুজো দেন মন্ত্রী। পরে কোচবিহার ক্ষত্রিয় সোসাইটিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

গত বৃহস্পতিবার কোচবিহারের আসেন নিশীথ প্রামানিক সারাদিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার পর, আজ ফের শহিদ সম্মান যাত্রায় অংশগ্রহণ করেন তিনি। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা জানান মৃত অমিত সরকারের স্ত্রী মুনমুন সরকার। ছোট ছেলেকে নিয়ে চরম কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তিনি, কোনও রকমে দিন গুজরান করছেন। যদিও ছেলের পড়াশোনা ও পরিবারের একজনের চাকরির আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আশ্বাস পেয়ে কিছুটা আশ্বস্ত অমিত সরকারের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *